সংলাপ ও নির্বাচন হবে: মেনন

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অবশ্যই সংলাপ হবে বলে মনে করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। মহাজোটের শরিক দলটি এ-ও মনে করে, সবার অংশগ্রহণের মধ্য দিয়ে নির্বাচন হবে।
দলটির দুই দিনব্যাপী কেন্দ্রীয় কমিটির সভা-পরবর্তী এক প্রেস ব্রিফিংয়ে আজ শনিবার বিকেলে দলের সভাপতি রাশেদ খান মেনন এসব কথা বলেন।
নাখালপাড়া সংসদ সদস্য ভবনে অনুষ্ঠিত ব্রিফিংয়ে রাশেদ খান মেনন আরও বলেন, ‘আমরা মনে করি, যে পরিস্থিতি রয়েছে এবং প্রধানমন্ত্রীর তরফ থেকে যে আন্তরিকতা প্রদর্শিত হয়েছে বলে আমাদের ধারণা, যে পরিবেশটা তৈরি হয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে যে চাপ রয়েছে, তাতে সংলাপ অবশ্যই হবে।’ তবে সংলাপের ফলাফল কী হবে, সেটা বলা কঠিন বলে জানান তিনি।
রাশেদ খান মেনন আরও বলেন, ‘তবে এটা মনে করি, সংলাপের ফলাফল যা-ই হোক, আমাদের সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য সব দলকে নির্বাচনে অংশ নিতে হবে। এটা কেবল আওয়ামী লীগের বিষয় না, এটা বিএনপির বিষয় না। নির্বাচনের কোনো বিকল্প আছে বলে মনে করছি না। সবার অংশগ্রহণের মধ্য দিয়ে নির্বাচনটা হবে বলে এখনো আমার বিশ্বাস।’