সংলাপ চাইলে এখন উদ্যোগ নিতে হবে বিএনপিকেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংলাপ চাইলে এখন প্রধান বিরোধী দল বিএনপিকেই উদ্যোগ নিতে হবে বলে জানিয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোট।
গতকাল সোমবার আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এসব কথা জানানো হয়।
সংবাদ ব্রিফিং করেন ১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. নাসিম। তিনি বলেন, ‘আমরা সংলাপ চাই। প্রধানমন্ত্রী আন্তরিকতা দেখিয়েছেন। এখন বিরোধী দল সাড়া দিয়ে এগিয়ে এলে সংলাপ শুরু হবে। ১৪ দল মনে করে, দ্রুত এই সংলাপ শেষ করা দরকার। আমরা অপেক্ষা করছি বিরোধী দল আসবে ও বসবে।’
বৈঠকে উপস্থিত ছিলেন এমন কয়েকজন নেতা জানান, ১৪ দল সংলাপ চালিয়ে যাওয়ার পক্ষে মত দিয়েছে। তবে সংলাপের জন্য সময় বেশি ব্যয় হলে নির্বাচনী প্রস্তুতি বাধাগ্রস্ত হবে মনে করে তা দ্রুত শেষ করার তাগিদ দেওয়া হয়।
২৯ অক্টোবরের পর বিএনপি সংলাপে বসতে চাইলে ১৪ দল রাজি হবে কি না—সংবাদ ব্রিফিংয়ে এমন প্রশ্নের জবাবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘আমরা সব সময়ই রাজি। তবে উদ্যোগটা বিরোধী দলকে নিতে হবে। সাড়া দেওয়ার দায়িত্ব বিরোধী দলের। ওনারা বলুন, কীভাবে আলোচনা করবেন।’
নাসিম জানান, ১৪ দলের সভায় বিরোধী দলের ডাকা হরতালে বোমাবাজি ও নৈরাজ্যের প্রতিবাদে ১ নভেম্বর ঢাকাসহ সারা দেশে সভা-সমাবেশ এবং পৃথকভাবে পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করার সিদ্ধান্ত হয়। বিএনপি-জামায়াতের বিরুদ্ধে পাল্টা অবস্থান না নিলে দেশ পিছিয়ে যাবে, তা বোঝানোর জন্য পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করা হবে।
বিএনপি-জামায়াত বিরোধী প্রচারপত্র: এ ছাড়া বিএনপি ও জামায়াতকে বর্জন এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে একটি প্রচারপত্র তৈরির সিদ্ধান্ত হয়। এটা করার জন্য ওয়ার্কার্স পার্টির নেতা ফজলে হোসেন বাদশা, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী ও উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস ও জাসদের নাজমুল হক প্রধানকে দায়িত্ব দেওয়া হয়েছে। আজ মঙ্গলবারের মধ্যেই প্রচারপত্র চূড়ান্ত করার কথা রয়েছে।
সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে রাশেদ খান মেনন, মো. নাসিম ছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের মাহবুব উল আলম হানিফ ও জাহাঙ্গীর কবির নানক, খালিদ মাহমুদ চৌধুরী, ওয়ার্কার্স পার্টির সাংসদ ফজলে হোসেন বাদশাহ, জাতীয় সমাজতান্ত্রিক দলের শরিফ নুরুল আম্বিয়া প্রমুখ।