সংলাপ চাইলে জামায়াতের সঙ্গ ছাড়তে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংলাপ চাইলে বিএনপিকে জামায়াতে ইসলামী ও যুদ্ধাপরাধীর সঙ্গ ত্যাগ করার ঘোষণা দিতে হবে বলে জানিয়েছে আওয়ামী লীগ। গতকাল বুধবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সংলাপ ও সমঝোতার আহ্বানের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলের প্রচার সম্পাদক হাছান মাহমুদ এ কথা বলেন। আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ প্রতিক্রিয়া জানানো হয়। হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগ সব সময় আলোচনায় প্রস্তুত। বিএনপির নেত্রী যদি জামায়াত ও যুদ্ধাপরাধীদের সঙ্গ এবং ধ্বংসাত্মক কর্মসূচি ছাড়ার ঘোষণা দেন, তবে অর্থবহ সংলাপ হতে পারে। তিনি খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ এনে বলেন, ‘আমরা আশা করেছিলাম, তিনি জামায়াতের সঙ্গ ত্যাগ করার ঘোষণা দেবেন। কিন্তু তিনি সেটা করতে ব্যর্থ হয়েছেন।’ খালেদা জিয়া সরকার এবং সরকারি দলের বিরুদ্ধে বিষোদ্গার করে তাঁর অপকর্ম শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা বলে আওয়ামী লীগের এই নেতা মন্তব্য করেন।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম গতকাল এ প্রসঙ্গে বিবিসিকে বলেন, তিনি (খালেদা জিয়া) সরকারকে অবৈধ বলবেন, কিন্তু সেই সরকারের সঙ্গে আলোচনা চাইবেন, তা হবে না। তাঁকে সরকারের বৈধতা মেনে নিতে হবে।
বিএনপির আহ্বানে আওয়ামী লীগের প্রতিক্রিয়া প্রসঙ্গে এইচ টি ইমাম বলেন, মাত্রই আহ্বান পাওয়া গেল। দু-এক দিনের মধ্যেই আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ে আলোচনার পর এ ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে।