সংলাপ না হওয়ার দায় নিতে চায় না কোনো দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুখে এখনো সংলাপ ও সমঝোতার কথা বললেও নিজ নিজ রাজনৈতিক অবস্থানে অনড় রয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। গত শনিবার রাতে দুই দলের সাধারণ সম্পাদক পর্যায়ের বৈঠকের পর গত দুদিনে এ বিষয়ে আর কোনো অগ্রগতি নেই। কিন্তু সংলাপ ভেঙে গেছে, এ কথাও কোনো পক্ষ বলছে না। বরং গতকালও উভয় দলের নেতারা সংলাপ-সমঝোতা চান বলে বক্তৃতা করেছেন।
উভয় দলের একাধিক সূত্র জানায়, দুই দলের নেতারাও মনে করেন, সমঝোতার কোনো সম্ভাবনা নেই। তার পরও সংলাপ থেকে সরে যাওয়া বা সমঝোতা না হওয়ার দায় নিতে চায় না কোনো দলই। তাই নির্বাচনের তফসিল ঘোষণা এবং অবরোধ কর্মসূচির মধ্যেও দল দুটির নেতারা বক্তৃতায় সংলাপের কথা বলে যাচ্ছেন।
আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ও শিল্পমন্ত্রী তোফায়েল আহমেদ তাঁর দপ্তরে সাংবাদিকদের বলেন, তফসিল ঘোষণা হলেও আলোচনার পথ বন্ধ হয়নি। আলোচনার মাধ্যমে সবার অংশগ্রহণে একটি সুষ্ঠুু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চায় সরকার। তিনি বিরোধী দলের উদ্দেশে বলেন, ‘এখনো সময় আছে। আপনারা নির্বাচনে আসুন। খোলা মন নিয়ে আলোচনা করুন।’
একই দিন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএনপি এখনো সংলাপ-সমঝোতায় আগ্রহী। কিন্তু সরকারের কাছ থেকে তারা সে ধরনের কোনো আভাস পাচ্ছে না। সরকার ইতিবাচক মনোভাব পোষণ করলে এখনো ইতিবাচক আলোচনার সুযোগ আছে।
দুই দলের নির্ভরযোগ্য সূত্র জানায়, গত শনিবার রাতে বনানীতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকের পর নতুন করে দুই নেতার মধ্যে সরাসরি আর কোনো যোগাযোগ হয়নি।
আওয়ামী লীগের উচ্চপর্যায়ের একটি সূত্র জানায়, বিরোধী দলের সঙ্গে সমঝোতার চেষ্টা অব্যাহত রাখবে আওয়ামী লীগ। গতকাল মঙ্গলবার রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৈয়দ আশরাফুল ইসলাম বৈঠক করেছেন। প্রধানমন্ত্রী তাঁকে সংলাপ অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন। খুব শিগগির বিরোধী দলের সঙ্গে আরেক দফা বৈঠক হতে পারে বলেও নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের একজন নীতিনির্ধারক জানিয়েছেন।
ওই সূত্রটি জানায়, তবে আওয়ামী লীগ নির্বাচনকালীন সরকারের প্রধান হিসেবে শেখ হাসিনার বিকল্প অন্য কাউকে মানবে না। বিরোধী দলের সঙ্গে অন্য সব বিষয়ে আলোচনায় সম্মত থাকলেও শেখ হাসিনাকে সরকারপ্রধান পদে রাখা না-রাখা নিয়ে কোনো আলোচনা করতে আগ্রহী নয় আওয়ামী লীগ। তারা সংবিধানের মধ্যেই বিরোধী দলকে সব রকম ছাড় দিতে সম্মত আছে।
অন্যদিকে বিএনপির উচ্চপর্যায়ের সূত্রগুলো বলছে, তারা নির্বাচনকালীন সরকারের প্রধান হিসেবে শেখ হাসিনাকে মানবে না। এ ব্যাপার তারা অনড়। শেখ হাসিনা ছাড়া বর্তমান সংসদের মধ্য থেকে অন্য কাউকে সরকারপ্রধান করা হলে, বিএনপি তা বিবেচনা করতে পারে।
অবশ্য সরকারপ্রধান প্রশ্নে দুই দলের এই বিপরীতমুখী অবস্থানের কারণে আদৌ কোনো সমঝোতা হবে কি না, রাজনৈতিক মহলে সংশয় রয়েছে।