বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সংলাপের নাটক তৈরি করে এর দায় বিএনপির ওপর চাপাতে চায়।
গতকাল সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মির্জা ফখরুল সাংবাদিকদের এসব কথা বলেন।
সংলাপের জন্য বিএনপির তরফ থেকে যোগাযোগ করা হবে কি না—এই প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘কে যোগাযোগ করবে, সেটি মুখ্য নয়। মুখ্য বিষয় হলো, সংলাপ-সমঝোতা হবে কি না। আমরা মুখ্য বিষয়ে থাকতে চাই। তবে এ দায়িত্ব সরকারের, সরকার যেহেতু চালকের আসনে। এই উদ্যোগ তাদেরই নিতে হবে।’
আরেক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘আমরা বরাবরই সংলাপ নিয়ে আশাবাদী। আমরা শুধু আশাবাদী নই, আমরা বিশ্বাস করি, যে সংকট সৃষ্টি হয়েছে, আলাপ-আলোচনার মাধ্যমে এর সমাধান হওয়াটাই শ্রেষ্ঠ।’
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব দাবি করেন, হরতালে সরকারের বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত গণ-অভ্যুত্থান হয়েছে। সারা দেশে ১৮ দলের মিছিলে পুলিশ গুলি করছে।
জাতীয় সংসদে উত্থাপিত গ্রামীণ ব্যাংক বিল প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘শুরু থেকেই আমাদের অবস্থান গ্রামীণ ব্যাংকের সরকারীকরণ প্রক্রিয়ার বিরুদ্ধে। এটিকে পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে নেওয়া ধ্বংস করার শামিল। ব্যাংকটি সরকারের নিয়ন্ত্রণে নেওয়ার বিপক্ষে আমরা।’