সংলাপ নিয়ে বিএনপির নেতারা নাটক করছেন: নাসিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, তাঁদের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুলের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের অনানুষ্ঠানিক সংলাপ শুরু হয়েছে। কিন্তু এ নিয়ে মির্জা ফখরুলসহ বিএনপির নেতারা নাটক করছেন।
আজ সোমবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে নাসিম এসব কথা বলেন।
কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র নাসিম বলেন, ‘চলমান রাজনৈতিক সংকট নিরসনে অনানুষ্ঠানিকভাবে হলেও সংলাপ শুরু হয়েছে। কিন্তু এটা নিয়ে বিএনপির একেক নেতা একেক কথা বলছেন। হান্নান শাহ স্বীকার করছেন, রিজভী সাহেব অস্বীকার করে যাচ্ছেন। এমনকি মির্জা ফখরুলও অস্বীকার করেছেন। এটা স্বীকার করতে তাঁদের সংকোচ কেন? এটা স্বীকার করতে তাঁদের লজ্জা কিসের? আসলে তাঁরা নির্বাচনে না আসার জন্য নাটক করছেন।’
নাসিম দাবি করেন, সংলাপের বিষয়ে বিএনপির সব কথা লোক দেখানো। এর মাধ্যমে তাঁরা সময়ক্ষেপণ করছেন। প্রকৃতপক্ষে তাঁরা দেশে শান্তি চান না। তিনি আশা প্রকাশ করেন, সংলাপের মাধ্যমেই সংকটের নিরসন সম্ভব।
ইসিকে তফসিল ঘোষণার আহ্বান
১৪ দলের বৈঠকে নেওয়া বিভিন্ন সিদ্ধান্ত তুলে ধরে নাসিম বলেন, ‘নির্বাচনের জন্য শুধু রাজনৈতিক দলগুলো নয়, সারা বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে। তারাও ভোটও দেবে। তাই নির্বাচন কমিশনকে (ইসি) দ্রুত তফসিল ঘোষণার আহ্বান করছি।’ তিনি বলেন, কোনো দল অংশ নিল কি না, এতে সাংবিধানিক কোনো বাধ্যবাধকতা নেই। জনগণের অংশগ্রহণই মুখ্য। আগামী নির্বাচনে ১৪ দল ঐক্যবদ্ধভাবে অংশ নেবে বলে জানান নাসিম।
শুধু গাড়ি ভাঙলে হবে না, রাস্তায়ও নামতে হবে—বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের বিষয়ে নাসিম বলেন, ‘এটা কোন ধরনের কথা। তাহলে গাড়িতে আগুন দিয়ে আপনারা মানুষ মারলেন, এটা স্বীকার করে নিলেন?’
এর আগে গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিমের সভাপতিত্বে ১৪ দলের সভা অনুষ্ঠিত হয়। এতে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।