সংলাপ নয়, বিএনপির উচিত নির্বাচনের প্রস্তুতি নেওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তোফায়েল আহমেদ । ফাইল ছবি
তোফায়েল আহমেদ । ফাইল ছবি

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ২০১৪ সালের নির্বাচনের আগে মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে সংলাপে না এসে বিএনপি ভুল করেছে। তাই বিএনপির আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করা উচিত। এর জন্য এখন আর সংলাপের প্রয়োজন নেই।
আজ শনিবার বিকেলে বিতার্কিকদের সংগঠন ‘ডিবেট ফর ডেমোক্রেসি’র আয়োজনে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পাবলিক পার্লামেন্টে ‘জাতীয় নির্বাচনের পূর্বে রাজনৈতিক সংলাপের অপরিহার্যতা’ শীর্ষক ছায়া বিতর্কে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘অতীতে অনেকবার সংলাপ হয়েছিল কিন্তু তাতে কোনো ফল হয়নি। ২০১৪ সালের নির্বাচনের পূর্বে তৎকালীন বিরোধীদলীয় নেতা দুই দিনের মধ্যে সংলাপের আহ্বান জানিয়ে আন্দোলনের হুমকি দিয়েছিলেন। প্রধানমন্ত্রী পরের দিনই টেলিফোন করে সংলাপের আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীসহ পাঁচটি মন্ত্রণালয়ের দায়িত্বও দিতে চেয়েছিলেন। কিন্তু তৎকালীন বিরোধীদলীয় নেতা আসেননি।’

তোফায়েল আহমেদ বলেন, ১৯৯৬–এর ১৫ ফেব্রুয়ারির নির্বাচন টিকেনি। কিন্তু ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন দেশে-বিদেশে টিকেছে। আগামী নির্বাচনে বিএনপি এলে নির্বাচন অংশগ্রহণমূলক ও সুন্দর হবে। তবে এ সরকারের অধীনেই নির্বাচন হবে।

বিএনপিকে সভা-সমাবেশ প্রসঙ্গে তোফায়েল আহমেদ বলেন, বিএনপি ঠিকভাবেই সভা-সমিতি করতে পারছে। কিন্তু তারা ঘরের বাইরে আসছে না। আন্দোলন করতে হলে ঘরের বাইরে আসতে হবে এবং ঝুঁকি নিতে হবে।

বিতর্ক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসান আহমেদ চৌধুরী কিরণ। তিনি বলেন, ‘গণতন্ত্র, সুশাসন ও উন্নয়ন একসঙ্গে চলা জরুরি। গণতন্ত্রকে বাদ দিয়ে শুধু উন্নয়ন আবার কেবল গণতন্ত্রের নাম দিয়ে উন্নয়নকে বাধাগ্রস্ত করা যাবে না। রাজনৈতিক সমঝোতা তৈরির জন্য প্রয়োজন হলে রাজনৈতিক দলগুলোর মধ্যে ফলপ্রসূ সংলাপ হওয়া উচিত।’

ছায়া বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দল বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি হারায় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মোহাম্মদ রইস, ড. এস এম মোর্শেদ ও সাংবাদিক সোমা ইসলাম।