সংলাপ হবে, তবে ফলাফল বলতে পারি না: মেনন
বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক সংলাপ হবে বলে মনে করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। তবে ফলাফল কী হবে তা তারা বলতে পারে না। আবার দলটি এও মনে করে, সবার অংশগ্রহণে নির্বাচন হবে।
ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির দুই দিনব্যাপী সভা শেষে এক সংবাদ ব্রিফিংয়ে গতকাল শনিবার দলটির সভাপতি রাশেদ খান মেনন এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। নাখালপাড়ায় সংসদ সদস্য ভবনে ওই ব্রিফিং অনুষ্ঠিত হয়।
নির্বাচনের ব্যাপারে আশাবাদী কি না—জানতে চাইলে মেনন বলেন, ‘আমরা মনে করি, প্রধানমন্ত্রীর আন্তরিকতা প্রদর্শিত হয়েছে, পরিবেশটা তৈরি হয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে চাপও রয়েছে, ফলে সংলাপ অবশ্যই হবে। তবে সংলাপের ফলাফল কী হবে সেটা আমরা বলতে পারি না। ফলাফল যা-ই হোক, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য সব দলকে নির্বাচনে অংশ নিতে হবে।’
এ সময় দলের সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, পলিটব্যুরোর সদস্য বিমল বিশ্বাস, ফজলে হোসেন বাদশা, নুরুল হাসান, হাজেরা সুলতানা, মনোজ সাহা, কামরূল আহসান প্রমুখ উপস্থিত ছিলেন।
ব্রিফিংয়ে রাশেদ খান মেনন বলেন, ‘প্রধানমন্ত্রীর প্রস্তাব নির্বাচন ও সমঝোতার পথকে প্রশস্ত করবে। বিরোধী দলের নেতাও একটা প্রস্তাব দিয়েছেন। তার ওই প্রস্তাব সংবিধানের বাইরে ও বাস্তবায়নযোগ্য নয়। তার পরও মনে করি, উভয় প্রস্তাব নিয়েই আলোচনার মাধ্যমে একটা সমাধানে পৌঁছান যেতে পারে।’
রাশেদ খান মেনন বলেন, ‘বিরোধী নেতা দুই দিনের আলটিমেটাম দিয়েছেন। এটা ঠিক দুই দিনও না। আসলে উনার সময়জ্ঞানটা অস্পষ্ট। ফলে তিনি সংলাপ চান কি না, এটাই আমাদের বোঝার বিষয়। যখনই কোনো সংলাপের প্রস্তাব আসছে, তখনই তিনি এমন কিছু আলটিমেটাম দিচ্ছেন, যার ফলে সংলাপের পরিবেশ নষ্ট হয়ে যায়।’
খালেদা জিয়াকে ইঙ্গিত করে রাশেদ খান মেনন বলেন, ‘তিনি বলেছেন, এ সরকার অবৈধ হয়ে গেছে। এখানেও কিন্তু তিনি জাতিকে বিভ্রান্ত করেছেন। একবার বলেছেন ২৫ অক্টোবরের পর, আবার বললেন ২৭ অক্টোবরের পর সরকার অবৈধ। তাঁর এই বক্তব্য সম্পূর্ণ কাণ্ডজ্ঞানহীন। অথচ সবাই জানে বর্তমান সরকারের মেয়াদ আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত।’