সংলাপ হবে, সমাধানও হবে: অর্থমন্ত্রী

রাজনৈতিক অনিশ্চয়তা নিরসনে যথাসময়ে সংলাপ হবে বলে ধারণা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম কাস্টম হাউস মিলনায়তনে এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, ‘আমার ধারণা যথাসময়ে সংলাপ হবে। সমাধানও হবে। আগামী ২৪ জানুয়ারির আগে নির্বাচন হবে। স্বাভাবিকভাবেই সরকার পরিবর্তন হবে।’ ‘রাজস্ব আদায় বিষয়ে দিকনির্দেশনা’ শীর্ষক এ সভায় সভাপতিত্ব করেন কাস্টম হাউসের কমিশনার মো. মাসুদ সাদিক। এতে বক্তব্য রাখেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, রাজস্ব বোর্ডের সদস্য মো. ফরিদ উদ্দিন, চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ। অর্থমন্ত্রী বলেন, ‘সংসদীয় ব্যবস্থায় যেভাবে নির্বাচন হয় সেটা আমরা রপ্ত করতে পারিনি। সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রবর্তনের পরও ভোট জালিয়াতি হয়েছে। দুবার নির্বাচন নষ্ট হয়েছে। ভোটের ব্যাপারেই আমাদের যত অসুবিধা।’ আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘এখন আমাদের যে সাংবিধানিক অবস্থা তাতে যুক্তরাজ্য, মালয়েশিয়াসহ অন্য সব দেশের সংসদীয় পদ্ধতির মতো এখানে নির্বাচন হবে। সেটাই আমাদের সরকারের উদ্দেশ্য।’ অর্থমন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাপী যখন মন্দা চলছে তখন এই সরকার দায়িত্ব নেয়। বিশ্বমন্দার সময়ও নিজস্ব কৌশল অবলম্বন করে আমরা রক্ষা পেয়েছি। অভ্যন্তরীণ চাহিদা চাঙা রাখা এবং শিল্প খাতনির্ভর রপ্তানি বজায় রাখতে প্রণোদনা প্রদান—এই দুই কৌশল কাজ দিয়েছে। এ ছাড়া রাজস্ব আদায় বৃদ্ধি এবং মানবসম্পদ উন্নয়ন জোর দিয়ে সফলও হয়েছি। গত ২২ বছরের মধ্যে প্রথম ১৭ বছরে যত রাজস্ব আদায় হয়েছে গত পাঁচ বছরের প্রায় সমান রাজস্ব আদায় হয়েছে। এক লাখ ৮০ হাজার পদে কর্মসংস্থান হয়েছে।’ সভায় রাজস্ব বোর্ডের সদস্য মো. ফরিদ উদ্দিন রাজস্ব কর্মকর্তাদের পেশাদারি মনোভাব নিয়ে কাজ করার পরামর্শ দেন। কাস্টম হাউসের কমিশনার মাসুদ সাদিক বলেন, কাস্টম হাউসে নতুন স্বয়ংক্রিয় পদ্ধতি চালু হওয়ায় দক্ষতা বাড়বে। ব্যবহারকারীরাও উপকৃত হবেন। বন্দরে বৈঠক অর্থমন্ত্রী দুপুরে বন্দর বোর্ডরুমে বন্দর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এ সময় বন্দরের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন এম শাহজাহান বন্দরের কর্মকাণ্ড তুলে ধরেন। বৈঠকে শেষে অর্থমন্ত্রী বন্দরের সিসিটি এবং এনসিটি এলাকায় জাহাজ থেকে পণ্য ওঠানামার কার্যক্রম পরিদর্শন করেন। এসব কার্যক্রম সম্পর্কে অর্থমন্ত্রীকে ধারণা দেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ এবং বেসরকারি অপারেটর সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন।