সংলাপ হলেও নির্দলীয় সরকারের দাবিতে ছাড় নয়: নজরুল
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সংলাপ হলেও বিএনপি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি থেকে সরে আসবে না।
আজ শুক্রবার শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে ফুল দিতে গিয়ে নজরুল সাংবাদিকদের এ কথা বলেন।
রেলওয়ে শ্রমিক দলের নবনির্বাচিত কমিটির সদস্যদের নিয়ে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান নজরুল।
নজরুল ইসলাম বলেন, চলমান রাজনৈতিক সংকট সমাধানের জন্য ক্ষমতাসীন দলকেই সংলাপের ব্যবস্থা করতে হবে, না হলে জনগণ এ সংকটের ফয়সালা করবে। তিনি বলেন, বিএনপি সংলাপে বসতে রাজি আছে। সংলাপ যদি হয়, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার নিয়েই করতে হবে। আলোচনার মাধ্যমেও যদি সরকার দাবি না মানে, তাহলে জনগণ কঠোর আন্দোলনে যাবে। এ আন্দোলনে নেতৃত্ব দেবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
রিটে নয়, গণতন্ত্র চলে ম্যান্ডেটে
জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেন, রিট দিয়ে গণতন্ত্র চলে না। গণতন্ত্রের জন্য জনগণের ম্যান্ডেট লাগে। বিএনপি তিনবার নির্বাচিত হয়েছে জনগণের ম্যান্ডেটে। পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করা বিএনপি বিশ্বাস করে না।
‘মিরপুর বিহারী পল্লী, নারায়ণগঞ্জ, ফেনী ও লক্ষ্মীপুর হত্যাকাণ্ড: রাহুর কবলে দেশ’ শীর্ষক ওই আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল নামের একটি সংগঠন।
রফিকুল বলেন, নারায়ণগঞ্জ, লক্ষ্মীপুর, ফেনী, মিরপুর বিহারী পল্লিতে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচার না হলে জাতীয় অস্তিত্ব বিলীন হয়ে যাবে। দেশের গডফাদারদের বিষাক্ত ছোবল থেকে দেশকে রক্ষা করতে না পারলে জাতীয় অস্তিত্ব মারাত্মক হুমকির মুখে পড়বে।
জাতীয় প্রেসক্লাবে জিয়া সাংস্কৃতিক জোট আয়োজিত আরেকটি আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ইংরেজরা যেমন এ দেশের মানুষকে শোষণ করতে করতে প্রান্তিক পর্যায়ে নিয়ে আসার পর তারা চলে গেছে; এ সরকারও তেমন লুটপাট করতে করতে মানুষকে প্রান্তিক পর্যায়ে নিয়ে যাওয়ার পর ক্ষমতা ছাড়বে।