প্রধান নির্বাচন কমিশনার ও অন্য নির্বাচন কমিশনারদের নিয়োগের বিষয়ে রাষ্ট্রপতির সংলাপের উদ্যোগকে স্বাগত জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। রাষ্ট্রপতির বিবেচনার জন্য নিয়োগ-প্রক্রিয়া এবং সম্ভাব্য প্রার্থীদের যোগ্যতা সম্পর্কে সুনির্দিষ্ট কয়েকটি সুপারিশও উপস্থাপন করেছে টিআইবি।গতকাল বৃহস্পতিবার টিআইবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিষয়ে সুপারিশ সংবলিত একটি নীতিমালা গত বুধবার রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। এই সুপারিশে সরকারি ও বিরোধী দলের মনোনীত সমসংখ্যক সদস্য এবং স্পিকারসহ পাঁচ থেকে সাত সদস্যের একটি কমিটি গঠন করার কথা বলা হয়েছে। এই অনুসন্ধান কমিটি সম্ভাব্য নামের তালিকা রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করবে। এরপর প্রাথমিক তালিকা প্রস্তুত করে গণমাধ্যমে প্রকাশ করতে হবে। তারপর প্রার্থীদের সম্পর্কে গণশুনানি হতে হবে। গণশুনানি ও নিজস্ব পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে বিশেষ সংসদীয় কমিটি একটি সংক্ষিপ্ত তালিকা গণমাধ্যমে প্রকাশ ও রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করবে। এরপর ওই তালিকা থেকে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের নিয়োগ করা হবে।টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, সবার অংশগ্রহণ ও মতৈক্যের ভিত্তিতে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগের মাধ্যমেই নির্বাচন কমিশনের কার্যকারিতা নিশ্চিত করা সম্ভব। প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য কমিশনার নিয়োগ-প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার লক্ষ্যে কমিশনের জন্য পূর্ণাঙ্গ ও সুস্পষ্ট নিয়োগ-সংক্রান্ত আইন প্রণয়ন করতে হবে।সুপারিশমালায় প্রার্থীর যোগ্যতার ক্ষেত্রে দলীয় রাজনৈতিক প্রভাবমুক্ত হওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে উচ্চ নৈতিকতা, সততা, নিরপেক্ষতা ও সাহসিকতার জন্য পরিচিত প্রার্থীকে প্রাধান্য দেওয়ার সুপারিশ করা হয়েছে।