সংলাপে কোনো অগ্রগতি নেই
আওয়ামী লীগ ও বিএনপির সাধারণ সম্পাদক পর্যায়ে আলোচনায় নতুন কোনো অগ্রগতি নেই। সৈয়দ আশরাফুল ইসলাম ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মধ্যে প্রথম বৈঠকের পর উভয় দলে বিষয়টি আলোচনার পর্যায়ে রয়েছে। দুই নেতার মধ্যে পরবর্তী বৈঠক কবে হবে, তা গতকাল পর্যন্ত জানা যায়নি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সৈয়দ আশরাফ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মির্জা ফখরুলের সঙ্গে তাঁর বৈঠকের বিষয়বস্তু অবহিত করেছেন। একইভাবে মির্জা ফখরুল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন।
সরকারি সূত্র জানায়, সৈয়দ আশরাফুল ইসলাম ও মির্জা ফখরুল ইসলামের মধ্যে গতকাল যোগাযোগ হলেও কোনো বৈঠক হয়নি। এমনকি নতুন করে কোনো বৈঠকের তারিখও নির্ধারণ হয়নি। নির্বাচনকালীন সরকারের প্রধান কে হবেন, তা নিয়েই মূলত এখন দুই দলের মধ্যে প্রধান সংকট।
নির্বাচনকালীন সরকারের প্রধান হিসেবে শেখ হাসিনাকে দেখতে চায় না বিএনপি। তবে আওয়ামী লীগ সংবিধানের বাইরে যেতে সম্মত নয়।
প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্র জানায়, সৈয়দ আশরাফ ও মির্জা ফখরুলের সঙ্গে আলোচনার বিষয় নিয়ে প্রধানমন্ত্রী কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন। তাঁরা আলোচনার পাশাপাশি নির্বাচনী প্রক্রিয়া অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রী জানান, সরকার নিশ্চিত যে বিএনপি নির্বাচনে আসছে না। এ অবস্থায় সরকারের শীর্ষ পর্যায় নির্বাচনী প্রক্রিয়া অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে।