সংলাপে বসতে প্রধানমন্ত্রীর প্রতি ইইউর আহ্বান
চলমান সহিংসতা অবসানের জন্য রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসতে ইউরোপীয় ইউনিয়ন পুনরায় আহ্বান জানিয়েছে। গতকাল বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাতের সময় ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু এ আহ্বান জানান। রাষ্ট্রদূত বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে শান্তি ও স্থিতিশীলতা অপরিহার্য বলে গুরুত্ব দেন।
চলমান সহিংসতা বন্ধ করার ওপর কানাডাও জোর দিয়েছে। সকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় কানাডার হাইকমিশনার শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চার ক্ষেত্র নিশ্চিত করার আহ্বান জানান। একই দিনে বিকেলে ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে আলোচনায় সহিংসতার নিন্দা জানান। তিনি সব ধরনের বৈধ রাজনৈতিক কর্মকাণ্ড শান্তিপূর্ণভাবে চালানোর ওপর জোর দেন।
বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের টানা অবরোধের ৩৭তম দিনে তিনজন কূটনীতিক সহিংসতা ও শান্তিপূর্ণ রাজনৈতিক অধিকারের চর্চা নিয়ে অভিন্ন সুরে কথা বললেন। এর আগে গত শনিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে সব দলকে তাদের সদস্যদের সহিংসতা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি সরকারকেও শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর প্রয়োজনীয় ক্ষেত্র করে দিতে অনুরোধ জানায় যুক্তরাষ্ট্র।
ঢাকায় ইইউ দূতাবাস গতকাল এক বিজ্ঞপ্তিতে জানায়, শেখ হাসিনার সঙ্গে আলোচনায় পিয়েরে মায়াদু সহিংসতায় নিরপরাধ লোকজন ক্ষতিগ্রস্ত হওয়ার নিন্দা জানান। তিনি যেকোনো সহিংসতা প্রত্যাখ্যানের পাশাপাশি সংলাপের ব্যাপারে ইইউর আহ্বান পুনর্ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূত বাণিজ্য ও উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ-ইইউ সম্পর্ক নিয়ে কথা বলেন। তিনি এ সম্পর্ককে উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার কথা উল্লেখ করেন। পিয়েরে মায়াদু প্রধানমন্ত্রীকে জানান, সামুদ্রিক অর্থনীতি ও ডিজিটাল বাংলাদেশের মতো উদ্যোগগুলোতে ইইউ বাংলাদেশের সঙ্গে তাদের অভিজ্ঞতা ও বিশেষজ্ঞদের কাজে লাগাতে পারে। এ ধরনের সহযোগিতার ফলে দুই পক্ষের সহযোগিতা আধুনিকতার নতুন যুগে প্রবেশ করতে পারে।
কানাডার হাইকমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, কানাডার হাইকমিশনার বেনোয়া পিয়ের লাঘামে গতকাল পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে পিয়ের লাঘামে বলেন, সুশাসন, শান্তি ও গণতন্ত্রের ওপর ভিত্তি করে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন হয়। চলমান রাজনৈতিক সহিংসতার জন্য বাংলাদেশকে ও তার জনগণকে চরম মূল্য দিতে হচ্ছে। কাজেই অবশ্যই সহিংসতা বন্ধ হওয়া উচিত এবং শান্তিপূর্ণ রাজনৈতিক অধিকার চর্চার জন্য অবশ্যই সুযোগ থাকতে হবে। তিনি বলেন, দুই দেশের সমৃদ্ধি নিশ্চিত করার পাশাপাশি মধ্যম আয়ের দেশ হিসেবে বাংলাদেশের লক্ষ্য অর্জনের জন্য অংশীদারত্বের মাধ্যমে কাজ করবে কানাডা।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য হাইকমিশনারের কাছে অনুরোধ জানান।
শাহরিয়ার আলম বলেন, এ পর্যন্ত অর্জিত সাফল্য এ দেশের সরকার ও জনগণকে উন্নয়নের পরবর্তী স্তরে উত্তরণের আত্মবিশ্বাস ও অনুপ্রেরণা জোগাচ্ছে। এ পথ ধরেই বর্তমান সরকার বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করার লক্ষ্যে নিয়ে এগিয়ে যাচ্ছে।