সংলাপে বসতে ফের আহ্বান যুক্তরাষ্ট্রের

দেশের চলমান সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। তিনি বলেছেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সর্বসম্মত উপায় খুঁজে বের করতে প্রধান রাজনৈতিক দলগুলোকে গঠনমূলক সংলাপে বসার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
আজ রোববার এক বিবৃতিতে এ অভিমত দেন মার্কিন রাষ্ট্রদূত। মার্কিন দূতাবাস রাষ্ট্রদূতের বিবৃতিটি গণমাধ্যমে পাঠিয়েছে।
মজীনা বলেন, একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে একটি সর্বসম্মত উপায় খুঁজে বের করতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে গঠনমূলক সংলাপে বসার জন্য অব্যাহতভাবে আহ্বান জানাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়ার মধ্যে টেলিফোন আলাপসহ সাম্প্রতিক অগ্রগতিতে মার্কিন রাষ্ট্রদূত অনুপ্রাণিত বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। তিনি আশা প্রকাশ করেছেন, এই ইতিবাচক অগ্রগতির ফলে প্রধান রাজনৈতিক দলগুলোর একটি গঠনমূলক সংলাপ অনুষ্ঠিত হবে, যাতে করে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়।
ড্যান মজীনা বলেন, ‘সব রাজনৈতিক দলের প্রতি যুক্তরাষ্ট্র এই বার্তা দিচ্ছে যে, সহিংসতা গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ নয় ও তা গ্রহণযোগ্য নয়। শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানো যদিও মৌলিক গণতান্ত্রিক অধিকার, তবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, সহিংসতা কখনোই কোনো কিছুর জবাব হতে পারে না। সহিংসতা ও হত্যাকাণ্ডের যেসব ঘটনা ঘটেছে তাতে আমরা উদ্বিগ্ন। বাংলাদেশ সরকারের কাছে আমরা সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার প্রত্যাশা করি। বাংলাদেশের সব জনগণকে শান্তিপূর্ণভাবে মতামত প্রকাশের আহ্বান জানাই। তাই শান্তিপূর্ণ উপায়ে লক্ষ্য অর্জনে সচেষ্ট হওয়ার জন্য আমরা সব দলের প্রতি আহ্বান জানাই।’