সংলাপে বসতে যুক্তরাষ্ট্র ও চীনের তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলমান রাজনৈতিক সংকট নিরসনে প্রধান দুই রাজনৈতিক দলকে সংলাপে বসতে আবারও অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র ও চীন।
ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জুন ও মার্কিন দূতাবাসের মুখপাত্র ক্যালি ম্যাকার্থি বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে গতকাল মঙ্গলবার তাঁদের দেশের এ অবস্থান তুলে ধরেন।
চীনের রাষ্ট্রদূত গতকাল দুপুরে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে তাঁর দপ্তরে দেখা করেন। বৈঠকের পর লি জুন সাংবাদিকদের জানান, সাংবিধানিক ধারাবাহিকতা অব্যাহত রাখতে বাংলাদেশের সরকার যেসব পদক্ষেপ নিয়েছে পররাষ্ট্রমন্ত্রী সে সম্পর্কে তাঁকে সামগ্রিক ধারণা দিয়েছেন।
নির্বাচনের তফসিল ঘোষণা ও তারপর আহূত অবরোধ কেন্দ্র করে চলমান পরিস্থিতিকে চীন কীভাবে মূল্যায়ন করছে? এ প্রশ্নের উত্তরে লি জুন বলেন, চীন মনে করে একটি দেশের উন্নয়নের জন্য সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য। নিকট প্রতিবেশী হিসেবে বাংলাদেশে কী ঘটছে চীন তা নিবিড়ভাবে লক্ষ রাখছে। তিনি বলেন. ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, জনগণের স্বার্থে একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ, সমৃদ্ধ বাংলাদেশ জরুরি। বাংলাদেশের চিরাচরিত বন্ধু হিসেবে শান্তিপূর্ণ উপায়ে চলমান রাজনৈতিক সংকট কাটাতে প্রধান দলগুলোকে আলোচনা বসার আহ্বান জানাচ্ছি।’
চীনের রাষ্ট্রদূত বলেন, ‘সংলাপের প্রক্রিয়া চালু আছে বলে পররাষ্ট্রমন্ত্রী যে তথ্য দিয়েছেন, তা আমাকে উৎসাহিত করছে। সংলাপের প্রক্রিয়ায় ইতিবাচক ফলাফলের ব্যাপারে আমার আশাবাদ রয়েছে।’
মার্কিন দূতাবাসের মুখপাত্র ই-মেইলে দেওয়া তাঁর প্রতিক্রিয়ায় জানান, বর্তমান পরিস্থিতিতে প্রধান রাজনৈতিক দলগুলোর সংলাপ আগের চেয়ে অনেক বেশি জরুরি হয়েছে। এটি হলে একটি অবাধ, সুষ্ঠু ও বাংলাদেশের জনগণের কাছে বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের পথ সুগম হবে।
যুক্তরাষ্ট্র মনে করে, রাজনৈতিক প্রক্রিয়ায় সহিংসতার কোনো স্থান নেই এবং তা গ্রহণযোগ্য নয়। তাই অবিলম্বে সব ধরনের সহিংসতা বন্ধ করতে হবে। যুক্তরাষ্ট্র মনে করে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সব রাজনৈতিক দলের শান্তিপূর্ণভাবে ও অবাধে তাদের মত প্রকাশের স্বাধীনতা রয়েছে।
সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করতে যুক্তরাষ্ট্র প্রধান রাজনৈতিক দলগুলোকে গঠনমূলক সংলাপে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে।