সংলাপে বসতে হলে সহিংসতা ছেড়ে সংসদে আসতে হবে: হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বিরোধী দলের প্রতি ইঙ্গিত করে বলেছেন, ‘ষড়যন্ত্রকারীদের সঙ্গে আওয়ামী লীগ কোনো আলোচনায় বসবে না। সংলাপে বসতে হলে ষড়যন্ত্র ও সহিংসতা বাদ দিয়ে সংসদে আসতে হবে। সেখানে আগামী নির্বাচনসহ যাবতীয় বিষয় নিয়ে আলোচনা হতে পারে।’গতকাল বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেটে ঢাকা মহানগর যুবলীগ উত্তর আয়োজিত হরতালবিরোধী সমাবেশে হানিফ এ কথা বলেন। বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ৩৬ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনেও মিছিল-সমাবেশ নিয়ে রাজধানীর রাজপথে সরব ছিল আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো। সকাল হতেই হরতালবিরোধী মিছিলে ভরে যায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখভাগ। এ ছাড়া হরতালের বিরোধিতা করে মিছিল করেছে শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষক লীগও।দুই নেত্রীর সংলাপ প্রসঙ্গে হানিফ বলেন, ‘দুই নেত্রীর সংলাপের বিষয়ে আদালতের দেওয়া রুলের বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই। সেটা দুই নেত্রীর বিষয়।’ তিনি বলেন, খালেদা জিয়া বগুড়ায় বলেছেন, সরকারের সঙ্গে কোনো সংলাপ নয়। সরকারের পতন ঘটাতে তিনি নেতা-কর্মীদের সর্বাত্মক আন্দোলনের প্রস্তুতি নিতে বলেছেন। এরপর তাদের সঙ্গে আর সংলাপ করা যায় না। সংলাপের মানসিকতা তাদের নেই। মহানগর যুবলীগ উত্তরের সভাপতি মাঈনুল হোসেন খানের সভাপতিত্বে ফার্মগেটের সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ, যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন প্রমুখ।