সংলাপে বসার আহ্বান পেশাজীবীদের
আন্দোলনরত দলগুলোর ওপর দমন-পীড়ন বন্ধ ও অর্থবহ সংলাপে বসতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সমন্বিত পেশাজীবী পরিষদ। আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এসব আহ্বান জানানো হয়। পাশাপাশি বাসে মানুষ পুড়িয়ে না মারারও দাবি জানানো হয়েছে।
গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অর্থবহ সংলাপের দাবিতে ২৭ জানুয়ারি পেশাজীবীরা মানববন্ধন করবেন বলে সংবাদ সম্মেলন থেকে জানানো হয়।
সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী। তিনি সরকারের উদ্দেশে বলেন, বর্তমান সংকট রাজনৈতিক। এটিকে কোনোভাবে সহিংসতা, জঙ্গিবাদ বা আইনশৃঙ্খলা পরিস্থিতির সংকট বলে উল্লেখ করা ঠিক হবে না। তিনি বলেন, দেশের বর্তমান সংকটকে রাজনৈতিক সংকট হিসেবে দেখে উভয় পক্ষকে এমন পরিবেশ সৃষ্টি করতে হবে, যাতে রাজনৈতিক সংলাপ সম্ভব হয়।
গাজী বলেন, দেশে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অবিলম্বে সংলাপ শুরু করতে হবে। সব দলের অংশগ্রহণে একটি প্রতিনিধিত্বশীল নির্বাচন অনুষ্ঠানই বর্তমান সংকট থেকে দেশকে রক্ষা করতে পারে বলে পরিষদ মনে করে।
সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ বলেন, যত দিন পর্যন্ত গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অর্থবহ সংলাপ না হবে, ততক্ষণ পর্যন্ত পেশাজীবীদের আন্দোলন চলবে। তিনি বলেন, বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদেও পরিষদ কর্মসূচি দেবে। তবে কর্মসূচির ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে বলে তিনি জানান।
সংবাদ সম্মেলন শেষে প্রশ্নোত্তর পর্বে শওকত মাহমুদ বলেন, সরকারকেই সংলাপের উদ্যোগ নিতে হবে। সহিংসতার জন্য কারা দায়ী? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সহিংসতা যারাই করছে তাদের গ্রেপ্তার করতে হবে। তবে এখন দেখা যাচ্ছে সরকারের পুলিশ, র্যাব ও বিজিবি সহিংসতার স্থানে উপস্থিত থাকলেও তাৎক্ষণিকভাবে কাউকে ধরছে না। কিন্তু পরে গিয়ে অনেককে গ্রেপ্তার করছে। সরকারের এ আচরণ সন্দেহজনক।
সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতা মাসুদ আহমেদ তালুকদারসহ বিএনপিপন্থী বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।