সংলাপে বসার আহ্বান মার্কিন কংগ্রেস সদস্যের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সফররত মার্কিন কংগ্রেস সদস্য স্টিভ শ্যাবট আগামী নির্বাচনকে কেন্দ্র করে সব ধরনের প্রচারণা ও সভা-সমাবেশ শান্তিপূর্ণভাবে পরিচালনার জন্য দুই দলের প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন আয়োজনের লক্ষ্যে সংলাপে বসতেও তিনি রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানান।
গতকাল মঙ্গলবার বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে পৃথক পৃথক বৈঠকের পর স্টিভ শ্যাবট সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।
বাংলাদেশ সফরের প্রথম দিনে মার্কিন কংগ্রেসের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলসংশ্লিষ্ট পররাষ্ট্রবিষয়ক উপকমিটির চেয়ারম্যান স্টিভ শ্যাবট সকালে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনের সঙ্গে তাঁর গুলশানের কার্যালয়ে দেখা করেন।
খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের পর শ্যাবট বলেন, যুক্তরাষ্ট্র মনে করে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে সমস্যার সমাধান করতে পারবে।
বৈঠক সম্পর্কে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের বলেন, বিএনপির চেয়ারপারসন যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যকে জানান, সরকার যেকোনো সময় সংলাপের আহ্বান জানালে বিএনপি তাতে যোগ দিতে তৈরি আছে। এ ছাড়া তিনি (খালেদা জিয়া) নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে নিজেদের অবস্থানও ব্যাখ্যা করেছেন।
বৈঠকে মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে শমসের মবিন বলেন, বিএনপির চেয়ারপারসন তাঁকে জানিয়েছেন, বিএনপি মানবতাবিরোধী অপরাধের বিচার চায়, তবে তা যেন সঠিক প্রক্রিয়ায় হয়।
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর স্টিভ শ্যাবট পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, ‘আলোচনায় আমরা অনেক বিষয়ে সম্মত হয়েছি। বাংলাদেশের কোনো পক্ষেরই যে সহিংতার ওপর আশ্রয় নেওয়া ঠিক নয়, এ বিষয়ে আমরা একমত হয়েছি। কারণ, শিশুসহ অসংখ্য অসহায় লোক আহত হচ্ছে কিংবা প্রাণ হারাচ্ছে।’
শ্যাবট বলেন, ‘দুই পক্ষকেই তাদের প্রচারণায় এ সত্যটাই তুলে ধরতে হবে, যে দলই জিতুক না কেন, সভা-সমাবেশ পুরোপুরি সহিংসতামুক্ত হতে হবে। দুই পক্ষকেই শান্তিপূর্ণভাবে কার্যক্রম পরিচালনার আহ্বান জানাচ্ছি।’