যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ এশিয়াবিষয়ক প্রতিমন্ত্রী অ্যালিস্টেয়ার বার্ট বাংলাদেশে অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা জোরদার করতে আগামী সাধারণ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সবার অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এ ক্ষেত্রে যুক্তরাজ্যের প্রয়োজনীয় সমর্থন থাকবে। এ ধরনের নির্বাচন করতে হলে রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসতে হবে।তিন দিনের বাংলাদেশ সফর শেষে অ্যালিস্টেয়ার বার্ট গতকাল বুধবার রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। সম্প্রতি বিএনপির নেতা এম ইলিয়াস আলী নিখোঁজের ঘটনায় যুক্তরাজ্যের গভীর উদ্বেগের কথা জানান এই প্রতিমন্ত্রী। এ ঘটনার পরিপূর্ণ তদন্তের আহ্বান জানান তিনি।অ্যালিস্টেয়ার বার্ট বলেন, কোনো কোনো গণমাধ্যমে খবর ছিল যে তিনি তত্ত্বাবধায়ক সরকারের ধারণাকে সমর্থন করেছেন। এটা ঠিক নয়। এটা নিয়ে যুক্তরাজ্য কোনো হস্তক্ষেপ করবে না। তিনি বলেন, বিচারবহির্ভূত হত্যা ও নিখোঁজ হয়ে যাওয়ার মতো ঘটনায় খুব উদ্বিগ্ন যুক্তরাজ্য। এলিট বাহিনী র্যাবকে প্রশিক্ষণ দিয়ে বিতর্কিত হওয়ার বিষয় নিয়ে যুক্তরাজ্য সজাগ। সাম্প্রতিক কালে পুলিশের বাড়াবাড়ির ঘটনারও তদন্ত হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।সংবাদ সম্মেলনে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন উপস্থিত ছিলেন। তিন দিনের সফরের সময় অ্যালিস্টেয়ার বার্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে সাক্ষাৎ করেছেন।