সংলাপে বিশেষ কোনো প্রস্তাব দেবে না আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশন নিয়ে সংলাপে বিশেষ কোনো প্রস্তাব দেবে না আওয়ামী লীগ। তবে মতৈক্যের ভিত্তিতে কমিশন গঠনে রাষ্ট্রপতির উদ্যোগকে স্বাগত জানানো হবে। এমনকি নির্বাচন কমিশনার হিসেবে কারও নামও প্রস্তাব দেওয়া হবে না সংলাপে।গতকাল রোববার রাতে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করেন। বৈঠকে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ নিয়েই বেশি আলোচনা হয়। আগামী ১২ জানুয়ারি রাষ্ট্রপতির সঙ্গে আওয়ামী লীগের সংলাপ হবে।বৈঠক সূত্র জানায়, সংলাপে আওয়ামী লীগের ১৪ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। প্রতিনিধিদলে অন্যদের মধ্যে থাকবেন আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, আব্দুল জলিল, সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, সৈয়দ আশরাফুল ইসলাম, সাহারা খাতুন, ওবায়দুল কাদের, মোহাম্মদ নাসিম, মহীউদ্দীন খান আলমগীর, ইউসুফ হোসেন হুমায়ুন ও হাছান মাহমুদ।সূত্র জানায়, বৈঠকে রাষ্ট্রপতির বক্তব্যের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ তার রাজনৈতিক অবস্থান ঠিক করবে। তবে অন্যান্য দলের মতো নির্বাচন কমিশন গঠন নিয়ে অনুসন্ধান কমিটি বা তেমন বিশেষ কিছু প্রস্তাব দেবে না। কিন্তু মতৈক্যের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির উদ্যোগকে সমর্থন জানানো হবে। চিঠিতে নির্বাচন কমিশনারদের নাম দেওয়ার কথা না থাকায় সংলাপে দলের পক্ষ থেকে কোনো নাম দেওয়া হবে না। তবে রাষ্ট্রপতি নাম চাইলে পরে দলীয় অবস্থান ঠিক করা হবে। বৈঠকে বিরোধী দলের রোডমার্চ, আন্দোলনের কর্মসূচিসহ সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথাবার্তা হয়। শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, সৈয়দ আশরাফুল ইসলাম, সাহারা খাতুন, ওবায়দুল কাদের, মোহাম্মদ নাসিম, মহীউদ্দীন খান আলমগীর, ইউসুফ হোসেন হুমায়ুন ও হাছান মাহমুদ উপস্থিত ছিলেন।