সংলাপে সন্তোষ প্রকাশ করেছে এফবিসিসিআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলমান রাজনৈতিক সংকট নিরসনের লক্ষ্যে দুই প্রধান রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতাদের তৃতীয় সংলাপ অনুষ্ঠিত হওয়ায় দেশের ব্যবসায়ী সমাজের পক্ষে এফবিসিসিআই সন্তোষ প্রকাশ করেছে।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানায়।

বিবৃতিতে বলা হয়, দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কয়েক মাস ধরে সহিংস হরতাল, অবরোধ ও আন্দোলনে আর্থসামাজিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। এতে দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি প্রায় দেউলিয়া হওয়ার পথে। এমন পরিস্থিতিতে প্রধান দুটি দলের শীর্ষ পর্যায়ের বৈঠক আশার সঞ্চার করেছে।

এফবিসিসিআইয়ের বিবৃতিতে আরও বলা হয়, ব্যবসায়ী সমাজসহ দেশের জনগণ আশা করছে, শীর্ষস্থানীয় নেতাদের সংলাপ সফল হবে। তাঁরা শিগগিরই শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাবেন। এতে জাতি চলমান রাজনৈতিক উদ্বেগ ও উৎকণ্ঠা থেকে স্বস্তি পাবে। বিজ্ঞপ্তি।