সংলাপে সরকারের স্বচ্ছতা নিয়ে বিএনপির সন্দেহ

সরকার মুখে সংলাপের কথা বললেও তাদের ‘অন্তর্গত স্বচ্ছতা’ নিয়ে সন্দিহান প্রধান বিরোধী দল বিএনপি। দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রোববার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ১৮ দলের ডাকা টানা ৬০ ঘণ্টার হরতালের প্রথম ১১ ঘণ্টার মাথায় সংবাদ সম্মেলনে হরতাল পরিস্থিতি তুলে ধরেন মির্জা ফখরুল। শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে ৬০ ঘণ্টার হরতাল ঘোষণা করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ সকাল থেকে ওই কর্মসূচি শুরু হয়েছে।
মির্জা ফখরুল অভিযোগ করেন, সংলাপের কথা বললেও সরকার বিরোধী দল দমনে এখনো আগের মতোই দুর্বিনীত ও অপরিণামদর্শী আচরণ করছে। তিনি বলেন, তাঁরা মনে করেন, সংকট নিরসনে আলোচনার কোনো বিকল্প নেই। কিন্তু নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়ে আলোচনায় বসতে হবে। অন্যথায় সরকারের আলোচনার আহ্বান বিশ্বাসযোগ্য হবে না বলে তিনি দাবি করেন।
মির্জা ফখরুল দাবি করেন, হরতালের প্রথম ১১ ঘণ্টায় সারা দেশে তাঁদের তিনজন নেতা-কর্মী নিহত এবং দেড় হাজারের বেশি নেতা-কর্মী আহত হয়েছেন।
বিভিন্ন সরকারি স্থাপনা, বিশিষ্ট ব্যক্তিদের বাড়ি ও গণমাধ্যমে ককটেল হামলার জন্য ‘সরকারি এজেন্টদের’ দায়ী করেন মির্জা ফখরুল। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি অভিযোগ করেন, ১৮ দলের গণতান্ত্রিক আন্দোলন ধ্বংস করতে সরকারি এজেন্টরা এসব কাজ করছে। কারা এ কাজ করছে, তা চিহ্নিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।