তারেককে মিথ্যা মামলায় কলঙ্কিত করা হয়েছে: শামসুজ্জামান
সংলাপের আশায় থাকবে বিএনপি, সংগ্রামও চলবে
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দাবি করে বলেছেন, তারেক রহমানের বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে, তা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।তিনি দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা।মিথ্যা মামলায় তারেক রহমানকে কলঙ্কিত করা হয়েছে।শামসুজ্জামান বলেন, শুধু আন্দোলন নয়, তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে স্বমহিমায় বসাতে যা যা করা দরকার, দেশবাসী সব করবে।এ ব্যাপারে কোনো আপস নেই।আজ রোববার বিকেলে হরতাল শেষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে শামসুজ্জামান এই দাবি করেন।বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন মঞ্জুর করেছেন আদালত।এ প্রসঙ্গে শামসুজ্জামান বলেন, মন্ত্রীর বক্তব্যের দুই দিন পর আদালতের এ ধরনের নির্দেশনায় কোনো সাদৃশ্য আছে কি না, মানুষ তা সন্দেহের চোখে দেখছে।তিনি এ ঘটনার নিন্দা জানান।

বিএনপির চেয়ারপারসনের এই উপদেষ্টা আরও বলেন, সরকার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না চাইলে কোন ধরনের নির্বাচন চায়, তা পরিষ্কার করলে ভালো হয়।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শেষ দিন পর্যন্ত বিএনপি সংলাপের আশায় থাকবে। তবে সংগ্রামও চলবে।বিএনপি সব সময় আলোচনাকে গুরুত্ব দেয়।সরকার যদি আলোচনাকে গুরুত্ব না দেয়, তাহলে রাজপথেই ফয়সালা হবে।
আজ সারা দেশে ১৮-দলীয় জোটের হরতাল চলাকালে বিএনপির ১১১ জন নেতা-কর্মী গ্রেপ্তার ও দুই শতাধিক আহত হয়েছেন বলে দাবি করেন শামসুজ্জামান।