সংলাপের আহ্বান অব্যাহত আছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের সংলাপের আহ্বান অব্যাহত আছে। সংসদে আসুন, আলোচনা করি। সমস্যার সমাধান করি। ধ্বংসাত্মক পথ পরিহার করুন। গণতন্ত্রের পথে আসুন।’আজ শনিবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় শেখ হাসিনা বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার উদ্দেশে এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, ‘আমি সংলাপের আহ্বান জানালাম, আর উনি জামায়াত, জঙ্গিবাদ আর হেফাজতকে নিয়ে সরকার উত্খাতের ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিলেন। উনি বললেন, আমরা নাকি পালানোর পথ পাব না। আমি ওনাকে বলি, আপনার আলটিমেটাম গেল কোথায়? পথ কে হারাল?’শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ ধৈর্য ধরে। গণমানুষের উন্নয়নে কাজ করে। অন্য কোনো দল হলে দেশের মানুষ দেখত কে কোথায় পালায়।’খালেদা জিয়াকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, ‘আলটিমেটাম ব্যর্থ হওয়ায় উনি বিধ্বস্ত-বিক্ষুব্ধ। ওনার আলটিমেটাম ফেল হয়েছে। ফেল করাই ওনার অভ্যাস।’বিরোধী দলের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘আপনাদের এই তাণ্ডব, মানুষ হত্যা জনগণ দেখতে চায় না। আপনাদের এসব কর্মকাণ্ডের জবাব দেওয়ার মতো সাংগঠনিক শক্তি ও জনসমর্থন আমাদের আছে। তবে আওয়ামী লীগ চায়, দেশের গণতন্ত্র অব্যাহত থাকুক। এ জন্যই আপনাদের ভাষায় জবাব দেওয়া হবে না। আমরা শান্তি চাই।’
শেখ হাসিনা বলেন, ‘বর্তমান সরকারের অধীনে যে কয়টি নির্বাচন হয়েছে, তা সুষ্ঠু হয়েছে। আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। কারণ, সার্চ কমিটির মাধ্যমে একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।’
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, উপদপ্তর সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস প্রমুখ।