সংলাপের উদ্যোগ নিতে জাতিসংঘকে চিঠি শত নাগরিক কমিটির
বাংলাদেশের রাজনৈতিক সংকট নিরসনে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংলাপের উদ্যোগ নিতে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের প্রতি আহ্বান জানিয়ে চিঠি দিয়েছেন শত নাগরিক কমিটি।
বান কি মুনের প্রতি লেখা চিঠিটি শত নাগরিক সংগঠনের আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দীন আহমদ গতকাল বুধবার দুপুরে ঢাকায় জাতিসংঘের কার্যালয়ে পৌঁছে দেন।
এ বিষয়ে অধ্যাপক এমাজউদ্দীন আহমদ প্রথম আলোকে বলেন, বাংলাদেশে যে রাজনৈতিক সংকট চলছে, তা অর্থনীতি ও শিক্ষাসহ সব খাতে প্রভাব ফেলছে। সংকট উত্তরণে প্রধান দুই দলের মধ্যে সংলাপ-সমঝোতা জরুরি। কিন্তু আওয়ামী লীগ-বিএনপি কেউ কারও কথা শুনছে না। এ অবস্থায় শত নাগরিক কমিটি মনে করছে, জাতিসংঘের মহাসচিব আহ্বান জানালে হয়তো দুই নেত্রী সংলাপে রাজি হবেন। তাই তাঁরা জাতিসংঘকে এ আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এর আগে ২০১৩ সালেও জাতিসংঘের বিশেষ দূত অস্কার ফার্নান্দেজ তারানকোর মধ্যস্থতায় দুদলের মধ্যে আলোচনা হয়েছিল।