সংলাপের কথা বলে সময়ক্ষেপণ করছে সরকার: জামায়াত
সরকার আন্তর্জাতিক মহলের চাপে সংলাপের কথা বলে সময়ক্ষেপণ ও জনগণকে বিভ্রান্ত করার ষড়যন্ত্র করছে বলে দাবি করেছে জামায়াতে ইসলামী। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এ দাবি করেন। তিনি বলেন, সরকার এক দিকে সংলাপের কথা বলছে, আরেক দিকে প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা শেখ হাসিনার অধীনেই নির্বাচনের কথা জোরেশোরে প্রচার করছেন। এতে বোঝা যায়, সংলাপের ব্যাপারে সরকার মোটেও আগ্রহী নয়। তত্ত্বাবধায়ক সরকারের দাবি অগ্রাহ্য করে সরকারের সংলাপের এ নাটক হাস্যকর। গত বুধবার দলীয় নেতা ও সাতক্ষীরার শ্যামনগরের সাবেক সাংসদ গাজী নজরুল ইসলাম এবং বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাকে গ্রেপ্তারের প্রতিবাদে এ বিবৃতি দেওয়া হয়। এতে ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. দেলাওয়ার হোসেনকে ৪৫ দিন রিমান্ড শেষে আবার ১০ দিনের রিমান্ডে নেওয়ার প্রতিবাদ জানানো হয়।পৃথক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ জামায়াতের নেতা গাজী নজরুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি করেন।