সংলাপের কোনো বিকল্প নেই: এরশাদ
দেশের বিরাজমান রাজনৈতিক সংকট সমাধানের জন্য সরকার ও বিরোধী দলের মধ্যে কার্যকর সংলাপের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ।সংলাপে বসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে চিঠি দেওয়ার দেড় মাস পর ক্ষমতাসীন মহাজোটের অন্যতম শরিক এরশাদ গতকাল শনিবার এ মন্তব্য করলেন। তিনি গতকাল বনানীতে তাঁর রাজনৈতিক কার্যালয়ে বুড্ডিস্ট ইয়ুথ ফেস্টিভ্যাল গ্রুপের একটি প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে এও বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন করতে হবে। অন্য কোনো পন্থায় ক্ষমতার রদবদল দেশের জনগণ মেনে নেবে না। দেশে এখন ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে বলে উল্লেখ করে এরশাদ বলেন, সরকার ও বিরোধী দল—উভয়পক্ষের কর্মকাণ্ডে মানুষ দিশেহারা হয়ে পড়েছে। জনগণ এখন পরিত্রাণ চায়। তাই দেশ ও জাতির কল্যাণে জাতীয় পার্টি আগামীতে এককভাবে নির্বাচন করেই ক্ষমতায় যেতে চায়। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বুড্ডিস্ট প্রতিনিধিদলটি এরশাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে। এ সময় রামুর ঘটনায় তিনি গভীর দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, জাতীয় পার্টি ক্ষমতায় যেতে পারলে দেশে কখনোই এ ধরনের ঘটনা ঘটবে না।এ সময় জাপার মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, বুড্ডিস্ট ইয়ুথ ফেস্টিভ্যাল গ্রুপের নেতা উত্তম কুমার বড়ুয়া, অভিজিৎ বড়ুয়া ও প্রণবেশ বড়ুয়া বক্তব্য দেন। সভা পরিচালনা করেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য সুনীল শুভ রায়।