সংলাপের কোনো সম্ভাবনা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, এ দেশে অনেক রাজনৈতিক সংলাপ হয়েছে। কিন্তু কোনো সংলাপই সফল হয়নি। সংলাপের কথা শুনতে ভালো লাগে। কিন্তু সংলাপের কোনো সম্ভাবনা নেই।
গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। ‘জলবায়ুর প্রভাব মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্য’ শীর্ষক এই সেমিনারের আয়োজক তথ্য দর্পণ নামের একটি সংগঠন।
মোহাম্মদ নাসিম বলেন, খালেদা জিয়া সংলাপের আহ্বান জানিয়েছেন। কিন্তু অন্যদিকে তিনি বিদেশে গিয়ে সরকার ও শেখ হাসিনার বিরুদ্ধে যেভাবে আক্রমণ করে কথা বলছেন, তা রাজনৈতিক সমঝোতার ভাষা হতে পারে না। এর মাধ্যমে খালেদা জিয়া নিজেই সংলাপের পরিবেশ নষ্ট করছেন। এটা আন্তরিকতার ভাষা নয়। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে তিনি বলেন, ‘নাটক করবেন না। ২০১৯ সালের জন্য প্রস্তুত হন। দল গোছান। সমঝোতা হওয়ার সুযোগ নেই।’ ২০১৯ সালের জাতীয় নির্বাচনেও শেখ হাসিনা জয়ী হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
বিএনপিকে উদ্দেশ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দলটি তাদের মৌলিক অবস্থান থেকে কখনো সরে আসে না। যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে তারা নিজেদের অবস্থান বদলায়নি, বরং বিচারকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে যাচ্ছে। দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের একটি বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরাও ফাঁকা মাঠে খেলতে চাই না। আসেন, মাঠে খেলি। একসঙ্গে খেলি।’
দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনে বিএনপি অংশ নেবে কি না, জানতে চাইলে মওদুদ আহমদ গত শনিবার সাংবাদিকদের বলেন, ‘ফাঁকা মাঠে গোল দেওয়ার সুযোগের প্রশ্নই আসে না। খুব সম্ভব আমরা নির্বাচনে যাব। এটা নির্ভর করবে বেগম জিয়া দেশে আসার পর ওনার সিদ্ধান্তের ওপর।’
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাওলানা ভাসানী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আনিসুর রহমান।