সংলাপের জন্য এখনই চিঠি দিচ্ছে নাসরকার
চলমান রাজনৈতিক সংকট নিরসনে সংলাপে বসার জন্য বিএনপিকে আনুষ্ঠানিক চিঠি দেওয়ার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি ক্ষমতাসীন আওয়ামী লীগ।
আওয়ামী লীগের একাধিক সূত্র জানিয়েছে, সংলাপের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগেই প্রস্তাব দিয়েছেন। বিরোধী দল সাড়া না দেওয়ায় সরকারও আনুষ্ঠানিক চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেয়নি। এখন বিকল্প হিসেবে বিরোধী দল সংসদ অধিবেশনে যোগ দিলে যাতে আলোচনা হয়, সে জন্য তাদের আহ্বান জানিয়ে রাখা হচ্ছে।
গতকাল বুধবার অনুষ্ঠিত আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বর্ধিত সভায় দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলকে সংসদে গিয়ে নির্বাচনকালীন সরকারপদ্ধতি নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছেন। এর আগে সংসদের বাইরেও আলোচনার যে কথা তিনি বলেছিলেন, গতকাল আর তা বলেননি; বরং তিনি এও বলেছেন, পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সেভাবেই হবে।
দলীয় সূত্রগুলো জানায়, বর্ধিত সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় ও জেলার নেতারা প্রধানমন্ত্রীর অবস্থানকে সমর্থন জানিয়ে বলেছেন, তাঁরা শেখ হাসিনার নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের অধীনেই নির্বাচন করতে প্রস্তুত আছেন।
এ অবস্থায় খুব শিগগির সরকার ও বিরোধী দলের মধ্যে সংলাপের সম্ভাবনা দেখছেন না রাজনৈতিক পর্যবেক্ষকেরা। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে জানা গেছে, সংলাপের প্রশ্নে বিরোধী দলের সঙ্গে সরকারের অনানুষ্ঠানিক যোগাযোগ রয়েছে। কথাবার্তার কেন্দ্রবিন্দু স্থির হয়ে আছে নির্বাচনকালীন সরকারের প্রধান হিসেবে অনির্বাচিত ব্যক্তিকে রাখা না-রাখার বিষয়টি। তবে সরকারি দল বলছে, তাদের পক্ষে সাংবিধানিক কাঠামোর বাইরে যাওয়া বা নির্বাচিত ব্যক্তিদের সমন্বয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনের নীতি থেকে সরে আসার কোনো সুযোগ নেই। নির্বাচনকালীন সরকারে অনির্বাচিত কাউকে তারা মানবে না। অপরদিকে বিরোধীদলীয় নেতার অবস্থান হচ্ছে, নির্বাচনকালীন সরকার যে নামে বা যে ফর্মুলায়ই হোক, তার প্রধান যেন নির্দলীয় ব্যক্তি থাকেন।
অবশ্য আওয়ামী লীগের সূত্রগুলো এও বলছে, বিরোধী দল আনুষ্ঠানিকভাবে সাড়া দিলে এখনো যে সংসদের বাইরে আলোচনা শুরু হতে পারে না, তা নয়। তবে আগামী ৩ জুন থেকে জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করায় সেখানে আলোচনার সুযোগ সৃষ্টি হয়েছে। আর সদস্যপদ রক্ষার জন্য এ অধিবেশনে বিরোধী দলের যোগদানের সম্ভাবনাও রয়েছে।