
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, দেশে বিভিন্ন ক্ষেত্রে বর্তমান উন্নয়নের কৃতিত্ব আওয়ামী লীগের। এই দল ক্ষমতায় থাকায় এ উন্নয়ন সম্ভব হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় দেশের প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। অন্যান্য দল ২৮ বছর দেশের শাসনক্ষমতায় থাকলেও দেশকে এগিয়ে নিতে পারেনি। তারা কেবল নিজেদের ভাগ্য গড়ায় ব্যস্ত ছিল।
গতকাল মঙ্গলবার বিকেলে নওগাঁর পোরশা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পোরশা কলেজ মাঠে আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সর্বদলীয় সরকারের অধীনে নির্বাচনের লক্ষ্যে বিএনপির নেত্রীকে ফোন করে সংলাপের আমন্ত্রণ জানিয়েছিলাম। তিনি সংলাপের প্রস্তাবের জবাবে হরতালের নামে দেশে আবার কিছু মানুষ মারলেন। বোমা ফাটালেন, গাড়িতে আগুন দিলেন।’
শেখ হাসিনা বিএনপির নেত্রীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আসুন, শান্তি, গণতন্ত্র ও সংবিধানের ধারাবাহিকতা রক্ষায় সর্বদলীয় সরকারের অধীনে নির্বাচনে অংশ নিয়ে দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিই।’ পোরশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. তবুিবর রহমান শাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ এইচ এম খায়রুজ্জামান ও আবু সাঈদ আল মাহমুদ, দলের জেলা কমিটির সভাপতি এ কে এম ফজলে রাব্বী, সাধারণ সম্পাদক সাংসদ মো. আবদুল মালেক প্রমুখ।
প্রধানমন্ত্রী বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় থেকে নওগাঁয় জঙ্গিবাদ ও সন্ত্রাস সৃষ্টি করেছিল। ওই সময় মানুষ শান্তিতে ঘুমাতে পারেনি। বাংলা ভাইয়ের সন্ত্রাসী বাহিনী মানুষ হত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছিল। জনসভায় বক্তৃতা করার আগে প্রধানমন্ত্রী ধামইরহাট-আগ্রাদ্বিগুণ সড়কের শিমুলতলী এলাকায় আত্রাই নদের ওপর একটি নবনির্মিত সেতু, পোরশা উপজেলা সদরে ৫০০ আসনের মিলনায়তন কাম কমিউনিটি সেন্টার, পোরশা ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, নওগাঁ জেলা সদরের ১০০ শয্যার হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণ, নিয়ামতপুর থানা ভবন নির্মাণকাজের উদ্বোধনসহ জেলার বিভিন্ন উপজেলার ১৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং সাতটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
প্রধানমন্ত্রী বলেন, আগামীবার জনগণের রায়ে আওয়ামী লীগ আবার সরকার গঠন করলে অসমাপ্ত উন্নয়নকাজ শেষ করা হবে।