সভা-সমাবেশ নিষিদ্ধ সমঝোতা ও সংলাপের পথে অন্তরায় হবে বলে মনে করেন না যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল রোববার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
যোগাযোগমন্ত্রী বলেন, ‘একটু অপেক্ষা করুন, সামনের কয়েক দিনে অনেক কিছু দেখতে পারবেন।’
সভা-সমাবেশ নিষিদ্ধ করা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের এই সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, ‘এ বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমি যতটা জেনেছি, তারা বড় ধরনের নাশকতার তথ্য পেয়েছে। সে কারণে নাশকতার বিরুদ্ধে জনগণের জানমালের নিরাপত্তা রক্ষার জন্য আগাম এই ব্যবস্থা নিয়েছে বলে আমি শুনেছি। এটা সমঝোতা-সংলাপের পথে অন্তরায় হবে বলে মনে করি না।’
আরেক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘২৫ অক্টোবর তো দেশে আকাশ ভেঙে পড়বে না। সরকারও থাকবে।’
মন্ত্রী নিজ মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বলেন, ‘গত ২২ মাসে নিজেকে সফল মন্ত্রী দাবি করতে পারি না। আমি মনে করি, মন্ত্রণালয়ের প্রধান ব্যক্তি সৎ হলে বাকি মন্ত্রণালয় অর্ধেক সৎ হয়ে যাবে।’ মন্ত্রী যোগাযোগ মন্ত্রণালয়ের বেশ কিছু প্রকল্পের চিত্র তুলে ধরেন।