সংলাপের পরিবেশ আরও জটিল করছে সরকার: জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামী বলেছে, সরকার অযথা কালক্ষেপণ করার উদ্দেশে সংলাপের কথা বলছে এবং এ বিষয়ে নানা ধরনের বিভ্রান্তিকর মন্তব্য করে সংলাপের পরিবেশ সৃষ্টি করার পরিবর্তে পরিস্থিতি আরও জটিল করছে।

গতকাল শনিবার এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের দেওয়া একটি বক্তব্য উল্লেখ করে এ কথা বলেন।

গত শুক্রবার এক আলোচনা সভায় নাসিম বলেছিলেন ‘শেখ হাসিনাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবেন। বিরোধী দলকে বিশ্বাস করা যায় না।’

জামায়াতের বিবৃতিতে বলা হয়, সরকারি দলের নেতাদের এ ধরনের অবাঞ্ছিত, অন্যায় ও অসংগত, অসহিষ্ণু বক্তব্যের কারণেই ১৮ দল হরতাল কর্মসূচি দিতে বাধ্য হয়েছে।

বিবৃতিতে গতকাল চট্টগ্রাম, চাঁদপুর, বরিশালসহ বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামীর ৬০ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার ও চট্টগ্রামে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ছাত্রদের সংবর্ধনা অনুষ্ঠান থেকে ৮০ জন ছাত্রকে গ্রেপ্তারের প্রতিবাদ জানানো হয়।

পৃথক বিবৃতিতে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাংসদ হামিদুর রহমান আযাদ গোলাম আযমের রায়ের পর জামায়াত বড় সহিংসতার প্রস্তুতি নিচ্ছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের প্রতিবাদ জানান। তাঁর দাবি, জামায়াত সহিংসতার রাজনীতিকে ঘৃণা করে।