
বাংলাদেশে চলমান রাজনৈতিক সংকট নিরসনে প্রধান দুই দলের সংলাপের প্রক্রিয়া খুব ধীরে এগোচ্ছে। কারণ, এক পক্ষ অন্য পক্ষের অবস্থান ঠিক বুঝে উঠতে পারছে না। এমন পরিস্থিতি সহজ নয়, বরং জটিল।গতকাল বুধবার সকালে আমেরিকান সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা এসব মন্তব্য করেন। ২৬ ও ২৭ মে ঢাকায় অনুষ্ঠেয় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারি সংলাপের বিষয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।সংলাপের প্রক্রিয়া ধীরগতির হলেও এর ভবিষ্যৎ নিয়ে আশাবাদী শীর্ষ এই মার্কিন কূটনীতিক। তিনি এটাও মনে করেন, ২০০৬-০৭ সালের তুলনায় এবারের পরিস্থিতি একেবারে আলাদা হলেও সংলাপ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মধ্যস্থতায় বিদেশিদের প্রয়োজন নেই। বাংলাদেশের মানুষই সমাধানের পথ খুঁজে নেবে।প্রায় এক ঘণ্টার এ সংবাদ সম্মেলনে নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী দলের সংলাপ ও বিদেশিদের মধ্যস্থতা, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বিনিয়োগ সুরক্ষা চুক্তি সই (টিকফা), যুক্তরাষ্ট্রে বাংলাদেশের অগ্রাধিকারমূলক বাজারসুবিধার (জিএসপি) ভবিষ্যৎ এসব বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন মজীনা।প্রসঙ্গত, ২৬ ও ২৭ মে অনুষ্ঠেয় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারি সংলাপে বাংলাদেশের নেতৃত্ব দেবেন পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক। আলোচনায় যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দেবেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি ওয়েন্ডি শারমেন। গত বছরের সেপ্টেম্বরে ওয়াশিংটনে প্রথম সংলাপটি অনুষ্ঠিত হয়।গতবারের ধারাবাহিকতায় এবারকার অংশীদারি সংলাপে উন্নয়ন সহযোগিতা ও সুশাসন, বাণিজ্য ও বিনিয়োগ, নিরাপত্তা সহযোগিতা এবং আঞ্চলিক সম্পৃক্ততার বিষয়ে আলোচনা হবে। এ ছাড়া এবার প্রথমবারের মতো সরকারি পর্যায়ের আলোচনার পাশাপাশি মার্কিন বেসরকারি খাতের প্রতিনিধিদল এ দেশের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে তিন দিন আলোচনা করবে।
সংলাপ ও মধ্যস্থতা
আসন্ন অংশীদারি সংলাপে রাজনৈতিক সহিংসতা ও নির্বাচনের বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানান ড্যান মজীনা। তিনি বলেন, ‘আমরা বন্ধু আর বন্ধুরা একে অন্যের সঙ্গে আলোচনা করে আসন্ন সংলাপে অব্যাহত রাজনৈতিক অচলাবস্থার জন্য কতটা মূল্য দিতে হচ্ছে, সেটি তুলব। এ মুহূর্তে বাংলাদেশে বিনিয়োগ আসা উচিত। কারণ, চীন থেকে বিনিয়োগ অন্য গন্তব্যে চলে যাচ্ছে। তবে এ মুহূর্তে তা বাংলাদেশে আসছে না। রাজনৈতিক অস্থিতিশীলতার দরুন এখানে বিদেশি বিনিয়োগ দুরূহ হয়ে পড়েছে। এ বিষয়টি নিয়ে আলোচনা হবে।’ তিনি বলেন, ‘আমি নিশ্চিত করেই বলতে পারি, রাজনৈতিক সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ বিষয়টিতে তারা (মার্কিন প্রতিনিধিদল) গুরুত্ব দেবে। রাজনৈতিক প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সব পক্ষেরই তাদের মত প্রকাশের অধিকার রয়েছে। তবে এ মত প্রকাশটা শান্তিপূর্ণ হতে হবে। আমি বিশ্বাস করি, বিরোধী দলকে শান্তিপূর্ণভাবে মত প্রকাশের সুযোগ করে দেওয়াটা সরকারের দায়িত্ব। আর বিরোধী দলের দায়িত্ব হচ্ছে শান্তিপূর্ণভাবে মত প্রকাশ করা।’
সংলাপের সাফল্যের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘রাজনীতিবিদেরা একে অন্যের সঙ্গে কথা বলছেন। তাঁরা একে অন্যের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন। পদক্ষেপগুলো ছোট হলেও প্রক্রিয়াটি সঠিক পথেই এগোচ্ছে। সমাধানটা খুব সহজ নয়। তবে আমি আশা করি, যত দ্রুত সমাধানে পৌঁছানো যাবে তত দ্রুত অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি হবে।’
রাজনৈতিক অচলাবস্থা কাটাতে যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করবে কি না, জানতে চাইলে মজীনা বলেন, ‘সময়টা এখন ২০১৩। ২০০৬ কিংবা ২০০৭ সাল নয়। তাই পরিস্থিতিও ভিন্ন। অভিজ্ঞতা থেকেই মানুষ শিক্ষা নেয়। বাংলাদেশ দায়িত্বশীল একটি দেশ। তাদের আমার প্রয়োজন নেই, যুক্তরাষ্ট্রের প্রয়োজন নেই। সংলাপের প্রক্রিয়ায় বাইরের কাউকে তাদের প্রয়োজন নেই। আমার বিবেচনায় অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য বাংলাদেশিরা নিজেরা সমাধানের পথ খুঁজে পেলে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ এবং বাইরের অন্য বন্ধুরা সহযোগিতায় এগিয়ে আসবে। ইতিমধ্যেই আমরা সহযোগিতা করছি। তবে সমাধানের পথটা বাংলাদেশকেই খুঁজতে হবে।’
সংলাপ নিয়ে মজীনা এমন একসময় আশা প্রকাশ করছেন, যখন দুই পক্ষই নিজেদের অবস্থানে অনড় রয়েছে। এ প্রশ্নের উত্তরে মজীনা বলেন, ‘আমি মনে করি, সংলাপ নিয়ে প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এ প্রক্রিয়া খুব শ্লথ। এক পক্ষ যখন অন্য পক্ষকে বুঝতে পারে না, এমন এক পরিস্থিতিতে সংলাপ আয়োজনটা জটিল। কাজেই এটা সহজে হবে না। খুব দ্রুত হবে না। আমি শুধু এটুকুই আশা করব, এভাবেই প্রক্রিয়াটি এগিয়ে যাবে এবং গতি পাবে। আমি মনে করি, উত্তরণের জন্য সংলাপ সবচেয়ে ভালো পথ।’
জিএসপি ও টিকফা
বাংলাদেশের জিএসপির ভবিষ্যৎ জানতে চাইলে মজীনা বলেন, এখন এ নিয়ে মূল্যায়ন-প্রক্রিয়া চলছে। সম্প্রতি ওয়াশিংটন সফরের সময় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক বাংলাদেশের অবস্থান মার্কিন কর্মকর্তাদের কাছে তুলে ধরেছেন।
জিএসপির সঙ্গে টিকফার কোনো সম্পর্কে আছে কি না, জানতে চাইলে মার্কিন রাষ্ট্রদূত বলেন, টিকফা টিকফাই। এর সঙ্গে একটি বিষয়ই জড়িত। তা হচ্ছে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ। যুক্তরাষ্ট্র ভারত, নেপালসহ ৪০টির বেশি দেশের সঙ্গে এ চুক্তি করেছে। এটি বাংলাদেশের জন্য ভালো হলে বাংলাদেশ সই করবে। ভালো না হলে সই করা উচিত হবে না।
হেফাজত ও আফগানিস্তান
হেফাজতে ইসলামের সাম্প্রতিক সহিংসতার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে ধর্মীয় মৌলবাদের উত্থান নিয়ে কোনো কোনো মহলের আশঙ্কা রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে মজীনা বলেন, এক দশক আগে, বিশেষ করে ২০০৫ সালে বাংলাদেশজুড়ে বোমা হামলার পর এ দেশকে পরবর্তী আফগানিস্তান হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হতো। তবে এখন আর কেউ তেমনটা মনে করেন না। কারণ, সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের সামর্থ্য বেড়েছে।