সংলাপের প্রস্তাবে সাড়া দিতে খালেদার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
সংলাপের প্রস্তাবে সাড়া দিতে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে প্রধানমন্ত্রী নির্বাচনকালীন সরকারব্যবস্থা নিয়ে সংসদ বা সংসদের বাইরে যেকোনো স্থানে আলোচনায় বসার জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছিলেন।গতকাল শনিবার সকালে আওয়ামী লীগের বরগুনা জেলার তৃণমূল নেতাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। গণভবনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।প্রধানমন্ত্রী বিএনপির নেত্রীকে উদ্দেশ করে বলেন, ‘আমরা আলোচনার কথা বলেছি, প্রস্তাবে সাড়া দিন। আর কত মানুষ হত্যা করবেন? মানুষ হত্যা বন্ধ করুন। সুস্থ রাজনীতির ধারায় ফিরে আসুন।’বিএনপির গতকালের সমাবেশের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ‘আমরা বিএনপিকে সমাবেশ না করে এর জন্য খরচ হওয়া টাকা সাভারে ক্ষতিগ্রস্তদের সহায়তায় দেওয়ার আহ্বান জানিয়েছিলাম। কিন্তু তিনি (খালেদা জিয়া) সমাবেশ করবেন। আমাদের গালমন্দ করবেন, গাড়ি ভাঙচুর করবেন, নৈরাজ্য সৃষ্টি করবেন।’প্রধানমন্ত্রী বলেন, যেকোনো মূল্যে দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে হবে। কেউ যদি একবার বুঝতে পারে, ক্ষমতা দখল করা যায়, তবে সে আর কখনো জনগণের কাছে যাবে না।সভার শুরুতে প্রধানমন্ত্রী সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় নিহত ব্যক্তিদের প্রতি শোক, তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি বলেন, ওই ঘটনায় যাঁরা আহত হয়েছেন, তাঁদের চিকিৎসা চলছে। যাঁরা অঙ্গপ্রত্যঙ্গ হারিয়েছেন, তাঁদের প্রশিক্ষণ ও পুনর্বাসনের পদক্ষেপ সরকার নিয়েছে।শেখ হাসিনা বলেন, ‘বিরোধী দলের আন্দোলনের মূল উদ্দেশ্য যুদ্ধাপরাধের বিচার বানচাল করা। যুদ্ধাপরাধীদের রক্ষায় তারা আন্দোলনের নামে মানুষ হত্যা করছে, জামায়াতকে নিয়ে তাণ্ডব চালাচ্ছে।’ বিরোধী দলের কর্মসূচির বিরুদ্ধে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দলের তাণ্ডবের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং জনমত সৃষ্টি করতে হবে। যদিও জনমত আমাদের দিকেই আছে। জনগণকে ঐক্যবদ্ধ করে এদের প্রতিহত করতে হবে।’বরগুনা জেলা আওয়ামী লীগের সভাপতি ধীরেন্দ্র দেবনাথ ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে জেলার শতাধিক নেতা-কর্মী মতবিনিময় সভায় অংশ নেন। প্রধানমন্ত্রী আগামী নির্বাচন সামনে রেখে তৃণমূলে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী তৃণমূল নেতাদের জানান, বরগুনা ও পটুয়াখালীর মাঝামাঝি অবস্থানে সমুদ্রবন্দর, ওই এলাকার নৌবাহিনীর বর্তমান ঘাঁটিকে পূর্ণাঙ্গ ঘাঁটি করা এবং সেখানে জাহাজনির্মাণ ও জাহাজভাঙা শিল্প গড়ে তোলার পরিকল্পনা সরকারের রয়েছে।সভা শেষে জাহাঙ্গীর কবির প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, দল ক্ষমতায় থাকার সুবাদে কোনো কোনো এলাকায় অনেক রাজাকারও আওয়ামী লীগ নেতাদের আশ্রয়-প্রশ্রয় পাচ্ছেন। তিনি রাজাকারদের আশ্রয়-প্রশ্রয় না দেওয়ার জন্য তৃণমূল নেতাদের প্রতি আহ্বান জানান। মতবিনিময় সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে মতিয়া চৌধুরী, কাজী জাফর উল্যাহ, আব্দুল লতিফ সিদ্দিকী ও শেখ ফজলুল করিম সেলিমসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।তৃণমূল নেতারা কথা বলতে পারেননি: প্রধানমন্ত্রীর সঙ্গে তৃণমূল নেতাদের মতবিনিময়ের আয়োজন করা হলেও সভায় তৃণমূলের নেতারা স্থানীয়ভাবে দলের অবস্থা অথবা সরকারের কর্মকাণ্ড ও জাতীয় রাজনীতির বিষয়ে মানুষের প্রকৃত অবস্থা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে পারেননি। কারণ, জেলার ছয়টি উপজেলার সভাপতিদের মাত্র এক মিনিট করে কথা বলার সুযোগ দেওয়া হয়েছে। এ নিয়ে তৃণমূলের একাধিক নেতা অসন্তোষ প্রকাশ করেন। একাধিক নেতা প্রথম আলোকে জানান, বরগুনা জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটি তিন বছর ধরে মেয়াদোত্তীর্ণ। সভাপতি ধীরেন্দ্র দেবনাথ ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির ২৫ বছর ধরে একই পদে আছেন। বেতাগী, বামনা ও আমতলীতে সম্মেলন হলেও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়নি। বরগুনা সদর উপজেলায় তিনবার তারিখ নির্ধারণ করে পোস্টার ছাপানোর পরও শেষ পর্যন্ত সম্মেলন হয়নি। পাথরঘাটা ও তালতলীতেও দীর্ঘদিন ধরে সম্মেলন হয়নি। যে কারণে বরগুনা জেলা আওয়ামী লীগের নেতৃত্বে স্থবিরতা চলছে। এর জন্য উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকেরা জেলা নেতৃত্বকে দায়ী করেন। তবে তৃণমূল নেতারা এসব অভিযোগ সম্পর্কে প্রধানমন্ত্রীকে জানানোর সুযোগ পাননি। উপজেলার নেতারা জানান, মতবিনিময় সভার প্রাপ্তি হলো গণভবনে চা-নাশতা ও দুপুরের খাবার। মাত্র এক মিনিট কথা বলার সুযোগ থাকায় বড় নেতাদের অনিয়ম ও সাংগঠনিক বিষয়ে আলোচনার কোনো সুযোগ ছিল না। জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির প্রথম আলোকে বলেন, ‘উপজেলার নেতারা ফাও অভিযোগ করেছেন। প্রধানমন্ত্রীর কাছে তাঁদের কথা বলার সুযোগ ছিল, বলেননি কেন? বরগুনা জেলায় সংগঠনের অবস্থা মোটেই দুর্বল নয়।’