সংলাপের প্রস্তাবে সাড়া দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংলাপের প্রস্তাবে সাড়া দেওয়ার জন্য প্রধান বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন ১৪ দলের নেতারা। গতকাল শনিবার বিকেলে উত্তরায় রবীন্দ্র সরণির পুব পাশে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে নেতারা এ আহ্বান জানান। সমাবেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার আমরা হতে দেব না।’ সমাবেশে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ‘বিএনপি নির্বাচন চায় না। তারা ক্ষমতার বদলে বাইরের হস্তক্ষেপ চাচ্ছে।’ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ‘আওয়ামী লীগের পতন ঘটানোর মতো রাজনৈতিক ক্ষমতা বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের নেই। আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করে, অগ্নিসংযোগ করে আওয়ামী লীগের কাছ থেকে কোনো দাবি আদায় করা যাবে না।’ জাসদের শিরীন আখতার বলেন, ‘হেফাজতে ইসলাম মানবতাবিরোধী অপরাধীদের রক্ষার জন্য কাজ করছে। তারা ইসলামের হেফাজতে কাজ করছে না।’ সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং ডাক ও টেলিযোগাযোগ-মন্ত্রী সাহারা খাতুন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী প্রমুখ।