সংলাপের মধ্য দিয়েই নিরপেক্ষ নির্বাচনের পথ বেরোবে: মজীনা
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, ‘গঠনমূলক সংলাপের মধ্য দিয়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথ বেরিয়ে আসতে পারে। বাংলাদেশের গণতন্ত্রের জন্য এ রকম নির্বাচন অপরিহার্য। গত কয়েক দিনে বড় রাজনৈতিক দলের পারস্পরিক উদ্যোগে আমার মধ্যে অনুকূল ধারণা সৃষ্টি হয়েছে।’ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী সংলাপে বসার জন্য বিরোধীদলীয় নেতার প্রতি যে আহ্বান জানিয়েছেন, তাকে মার্কিন রাষ্ট্রদূত কীভাবে দেখছেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মজীনা এ প্রতিক্রিয়া জানান। রাজধানীতে গতকাল শনিবার ‘জাস্টিস ফর অল’ (সবার জন্য ন্যায়বিচার) শীর্ষক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মজীনা। যুক্তরাষ্ট্রের সাহায্য সংস্থা ইউএসএআইডির আর্থিক সহায়তায় পরিচালিত এ কর্মসূচির উদ্বোধন করেন আইনমন্ত্রী শফিক আহমেদ।সাভারে ভবনধসের ঘটনায় শোক প্রকাশ করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘যদি এ ধরনের ট্র্যাজেডি চিরদিনের মতো দূর করা যায়, তাহলে বাংলাদেশের পক্ষে এশিয়ান টাইগার হওয়া সম্ভব বলে আমি বিশ্বাস করি।’অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, ‘সংবিধানে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিধানটি যোগ করা হয়। এটা সংবিধানের মৌলিক স্তম্ভ গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক বলে সর্বোচ্চ আদালত এক রায়ে তা বাতিল করে দিয়েছেন। কাজেই বিধানটি সংবিধানে সংযুক্ত করার কোনো অবকাশ নেই।প্রধানমন্ত্রী অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলেছেন, অন্যরা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছেন—শব্দের এই মারপ্যাঁচ সংলাপে প্রভাব ফেলবে কি না—অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘সংলাপ না হওয়ার কোনো কারণ দেখছি না। নির্বাচনকে গ্রহণযোগ্য করার জন্য যা কিছু প্রয়োজন, তার সবকিছু করবে নির্বাচন কমিশন। সে সময় যে সরকার থাকবে, তারা দৈনন্দিন কাজ পরিচালনা করবে। আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতেও এটা হচ্ছে।’ আরেক প্রশ্নের জবাবে শফিক আহমেদ বলেন, রূপরেখার জন্যই আলোচনায় বসা দরকার।অনুষ্ঠানে আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক সৈয়দ আমিনুল ইসলাম, কর্মসূচির অ্যাকটিন চিফ অব পার্টি ভায়োলেইন অথেম্যান প্রমুখ বক্তব্য দেন।আয়োজকেরা জানান, আট মিলিয়ন ডলার ব্যয়সাপেক্ষ পাঁচ বছর মেয়াদি এই কর্মসূচি ন্যায়বিচার প্রাপ্তি, লৈঙ্গিক সমতা ও আইনগত সক্ষমতা অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ সরকারকে সহায়তা করবে। আইনগত সহায়তা কার্যক্রমকে শক্তিশালী করা, আদালতগুলোর সেবা কার্যক্রম উন্নয়ন, জনগণের আইনগত সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন ক্ষেত্রে জাস্টিজ ফর অল কর্মসূচি আইন মন্ত্রণালয় ও জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে।