সংলাপের মাধ্যমে সংকট উত্তরণে আশাবাদী ফখরুল
আলোচনার মাধ্যমে চলমান রাজনৈতিক সংকটের সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাওয়ার সময় গতকাল মঙ্গলবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফখরুল এ আশাবাদ ব্যক্ত করেন। তাঁর মতে, এ ব্যাপারে সরকারের দায়িত্ব বেশি। তিনি বলেন, ‘অর্থবহ সংলাপের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক সংকট উত্তরণ হবে। প্রত্যাশা করি, বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক। গণতন্ত্র এখানে প্রাতিষ্ঠানিক রূপ পাক। সমস্যাগুলোর সমাধান হোক। এটাই সবার প্রার্থনা।’
একই সঙ্গে সদ্য কারামুক্ত মির্জা ফখরুল তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান। কারাগারে থাকাকালে তাঁর রক্তনালিতে ব্লক ধরা পড়ে। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তিনি চিকিৎসা করাবেন। তাঁর সঙ্গে সিঙ্গাপুর গেছেন স্ত্রী রাহাত আরা।
পটুয়াখালী জেলা কমিটি গঠন: বিএনপির পটুয়াখালী জেলা কমিটি গতকাল অনুমোদন দিয়েছে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল। নতুন কমিটিতে আলতাফ হোসেন চৌধুরী সভাপতি ও এম এ রব মিয়া সাধারণ সম্পাদক হয়েছেন।