সংলাপের মাধ্যমে সমঝোতায় আসার তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে সংলাপের মাধ্যমেই সব রাজনৈতিক দলকে সমঝোতায় আসতে হবে। গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে ‘শত নাগরিক, চট্টগ্রাম’ এই সভার আয়োজন করে। আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছিরউদ্দিন বলেন, ‘বর্তমান সরকার অন্তর্বর্তী সরকার নাম দিয়ে ক্ষমতায় থেকে নির্বাচন করতে চায়। এ ধরনের নির্বাচন গ্রহণযোগ্য হবে না।’ জাতীয় সংসদে আলোচনার মাধ্যমে এ প্রশ্নে সমস্যার সমাধান হবে না উল্লেখ করে মীর নাছির বলেন, ‘সংসদে আমরা প্রস্তাব দিলে সেটা কণ্ঠভোটে বাতিল হয়ে যাবে। জাতির সামনে আমাদের হেয় করার চিন্তা থেকেই এ বিষয়ে সংসদে আসার আহ্বান জানানো হচ্ছে।’ আলোচনা সভার অন্য বক্তারাও তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার তাগিদ দেন। সভায় ‘গণতন্ত্র, নির্বাচন ও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা’ শীর্ষক মূল ধারণাপত্র উপস্থাপন ও সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক হাসান মোহাম্মদ। আলোচনা সভায় শত নাগরিক জাতীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মাহবুব উল্লাহ বলেন, ‘গত ৪১ বছরে বাংলাদেশে এক সরকার থেকে অন্য সরকারে ক্ষমতা হস্তান্তর কখনো শান্তিপূর্ণ হয়নি। এটা প্রমাণ করে, মুক্তিযুদ্ধের অন্যতম আদর্শ গণতন্ত্র বাংলাদেশে শিকড় গাড়তে পারেনি।’ নির্বাচন পদ্ধতি বিষয়ে দেশের মানুষের প্রত্যাশাকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়ে রাজনৈতিক দলগুলোর উদ্দেশে মাহবুব উল্লাহ বলেন, ‘সবাইকে বুঝতে হবে, গোঁ ধরে কোনো লাভ নেই। সবাই মিলে আলোচনায় বসুন।’ আলোচনা সভায় শত নাগরিক জাতীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক এমাজউদ্দীন আহমদের লিখিত বক্তব্য পাঠ করা হয়। ‘বাংলাদেশের সংকট নিরসনে প্রস্তাবনা’ শীর্ষক ওই বক্তব্যে বলা হয়, ‘একতরফা নির্বাচন অনুষ্ঠান করলে তা সরকারের জন্য হয়ে উঠতে পারে গলার কাঁটা। সংলাপ ফলপ্রসূ করতে ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে। রাষ্ট্রপতি হতে পারেন এ সংলাপের কেন্দ্রবিন্দু।’ সভার অন্যতম আলোচক শত নাগরিক জাতীয় কমিটির সদস্যসচিব কবি আবদুল হাই শিকদার বর্তমান সরকারের তীব্র সমালোচনা করেন। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি দেলোয়ার হোসেন চৌধুরী, অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খান, অধ্যাপক মনির আহমেদ, ইস্কান্দার আলী চৌধুরী, আইনজীবী নূরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।