মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি গতকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। পরে প্রধানমন্ত্রীকে ফোন করেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। দুজনই সংলাপের মাধ্যমে বর্তমান সংকট সমাধানের আহ্বানের পাশাপাশি সংঘাত-সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
গতকাল বুধবার বিকেলে গণভবনে এক সংবাদ সম্মেলনে হাসিনা-কেরি ফোনালাপের বিষয় তুলে ধরেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান
চৌধুরী। তিনি বলেন, জন কেরি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রীর কাছে জানতে চান। প্রধানমন্ত্রী তাঁকে জানান, আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান সম্ভব। এ নিয়ে বিরোধী দলের সঙ্গে আলোচনা চলছে। অচিরেই অচলাবস্থা কেটে যাবে।
ইকবাল সোবহান আরও বলেন, জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির বিষয়ে জন কেরি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রী তাঁকে জানান, সবকিছু আইন অনুযায়ী চলছে। এতে তিনি হস্তক্ষেপ করছেন না।
এর আগে দুপুরে ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র ক্যালি ম্যাকার্থি জানান, বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী চলমান রাজনৈতিক সংকট নিরসনে বিরোধী দলের সঙ্গে আলোচনা শুরু করায় শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, এর ফলে অচলাবস্থা কেটে যাবে। তবে এ অবস্থায় কাদের মোল্লার ফাঁসির আদেশ কার্যকর করলে এই ইতিবাচক পরিবেশ থাকবে কি না, সেটা বিবেচনায় রাখতে তিনি প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন। সমঝোতার সার্বিক বিষয়টি যাতে ইতিবাচকভাবে ধরে রাখা যায়, সে ব্যবস্থা নিতেও জন কেরি প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন।
পরে জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো হোটেল সোনারগাঁওয়ে সাংবাদিকদের জানান, দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন মহাসচিব বান কি মুন। নেলসন ম্যান্ডেলার শোক ও স্মরণ অনুষ্ঠানে যোগ দিতে বর্তমানে জোহানেসবার্গে রয়েছেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, বুধবার বিকেলে টেলিফোনে প্রধানমন্ত্রীর সঙ্গে বান কি মুনের কথা হয়। এ সময় আলোচনার সুষ্ঠু পরিবেশ তৈরি করতে জাতিসংঘের সহকারী মহাসচিবকে বিশেষভাবে সহায়তা করায় তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
আবুল কালাম বলেন, আগামী দশম জাতীয় সংসদ নির্বাচন সাংবিধানিকভাবে অবাধ ও সুষ্ঠু হবে বলে আশা প্রকাশ করেন বান কি মুন। একই সঙ্গে তিনি সংঘাত ও সহিংসতার নিন্দা জানান।
এদিকে মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত কাদের মোল্লার বিরুদ্ধে ফাঁসির রায় কার্যকর না করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার নাভি পিল্লাই। জাতিসংঘ নিউজ সেন্টারের এক বিবৃতিতে গত মঙ্গলবার এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মঙ্গলবার রাতে কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর হতে যাচ্ছে—এ খবর প্রকাশিত হওয়ার পর নাভি পিল্লাই তাঁর কার্যালয় থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা এক চিঠিতে শেষ মুহূর্তে ওই আহ্বান জানান। ‘যুদ্ধাপরাধের’ অভিযোগে কাদের মোল্লার বিরুদ্ধে হওয়া বিচারকাজ মৃত্যুদণ্ড আরোপের উপযোগী আন্তর্জাতিক মান পূরণ হয়নি বলেও চিঠিতে উল্লেখ করা হয়।