যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার প্রতিক্রিয়া
সংলাপের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের পথ সুগম হবে
যুক্তরাষ্ট্র মনে করে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার প্রস্তাবে সংলাপের দুয়ার উন্মোচিত হয়েছে। একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলো এ সুযোগকে কাজে লাগাবে বলে প্রত্যাশা করে যুক্তরাষ্ট্র।
বিরোধীদলীয় নেত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের পর ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা গতকাল রোববার এ মন্তব্য করেন।
এদিকে যুক্তরাষ্ট্র ও কানাডা পৃথক পৃথক বিবৃতিতে বিরোধীদলীয় নেত্রীর গতকালের বক্তৃতাকে স্বাগত জানিয়েছে। দেশ দুটি মনে করে, সংলাপের মাধ্যমে সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের পথকে সুগম করবে।
মার্কিন রাষ্ট্রদূত গতকাল সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তাঁর দপ্তরে বৈঠক করেন। প্রায় ৪৫ মিনিটের এ বৈঠকে বিএনপির চেয়ারপারসন বিকেলে রাজধানীর একটি হোটেলে দেওয়া বক্তৃতা নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেন।
বৈঠক শেষে মজীনা সাংবাদিকদের বলেন, ‘বিরোধীদলীয় নেত্রীর সঙ্গে আমার বেশ ভালো আলোচনা হয়েছে। আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, ধর্মীয় মৌলবাদ ও সহিংসতার বিরুদ্ধে তিনি যে অবস্থান প্রকাশ করেছেন, সেটি আমি লক্ষ করেছি। জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষার ব্যাপারে তাঁর প্রত্যয় লক্ষ করেছি। সেই সঙ্গে প্রতিহিংসার রাজনীতি পরিহারের যে কথাটি ব্যক্ত করেছেন, সেটিও খেয়াল করেছি।’
মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘গত কয়েক দিনে বাংলাদেশে চমকপ্রদ কিছু ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রীর ভাষণের মাধ্যমে আলোচনার দুয়ার উন্মুক্ত হয়েছে। তেমনিভাবে বিরোধীদলীয় নেত্রীর বক্তৃতা সংলাপের দুয়ারকে অবারিত করেছে। তাই আমি আশা করব, একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলো এ সুযোগকে কাজে লাগাবে।’
সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা সংলাপের পথকে রুদ্ধ করবে কি না, জানতে চাইলে মজীনা সরাসরি উত্তর দেওয়া থেকে বিরত থাকেন। তবে তিনি এ প্রসঙ্গে বলেন, শান্তিপূর্ণভাবে মত প্রকাশের স্বাধীনতা গণতান্ত্রিক অধিকার।
যুক্তরাজ্যের প্রতিক্রিয়া: যুক্তরাজ্য বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বক্তব্যকে স্বাগত জানিয়েছে। গতকাল সোমবার সংবাদ সম্মেলনে দেওয়া খালেদা জিয়ার বক্তব্যের ব্যাপারে জানতে চাইলে ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন বক্তব্যের বিভিন্ন ইতিবাচক দিকের প্রশংসা করেন। বিশেষ করে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমন, আঞ্চলিক সহযোগিতা এবং সহিংসতার বিরুদ্ধে খালেদার অবস্থানকে স্বাগত জানান তিনি।
জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের ব্যাপারে খালেদার প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়েছেন বরার্ট গিবসন। এ ছাড়া ব্যক্তিগত আক্রমণ ও অন্যর ওপর দোষ চাপানোর রাজনীতি ছেড়ে দেওয়ার বিষয়ে যে অঙ্গীকার তিনি করেছেন, তারও প্রশংসা করেন গিবসন।
যুক্তরাজ্যের হাইকমিশনার বলেন, ‘আমরা আশা করব, তিনি (খালেদার) যেসব পরামর্শ রেখেছেন, তা সরকার বিবেচনা করবে। আর একটি অর্থবহ সংলাপের প্রক্রিয়া দ্রুত শুরু করবে, যার মধ্য দিয়ে বাংলাদেশ এমন একটি নির্বাচনের প্রক্রিয়ায় যুক্ত হবে, যে নির্বাচনটি হবে স্বচ্ছ, সব দলের অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য।’
কানাডার প্রতিক্রিয়া: কানাডা হাইকমিশনের মুখপাত্র এক প্রতিক্রিয়ায় বলেন, ‘সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে একে অন্যকে আস্থায় নিয়ে সংলাপে বসতে আমরা সব দলকে আহ্বান জানাব।’ সংলাপ রাজনৈতিক অচলাবস্থা নিরসন ও সহিংসতামুক্ত পরিবেশ তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে বলেও মনে করে কানাডা।
কানাডার মুখপাত্র বলেন, ‘মত প্রকাশের স্বাধীনতা ও সভা-সমাবেশের অধিকারের প্রতি শ্রদ্ধা রাখতে সব দলের প্রতি আমরা অব্যাহতভাবে অনুরোধ জানিয়ে যাব। সেই সঙ্গে সহিংসতার পরিবর্তে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে মত প্রকাশের জন্য আহ্বান জানিয়ে যাব।’