সংলাপের লক্ষণ দেখছেন না জয়

আশা থাকলেও সংলাপের কোনো লক্ষণ দেখছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তাঁর তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জয় যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেন। তিনি বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, ‘আমাদের আশা আছে, বিরোধী দল সংলাপে আসবে। কিন্তু এর কোনো লক্ষণ দেখছি না। আমাদের তরফ থেকে দাওয়াত দেওয়া হচ্ছে। কিন্তু নানা ছুতা দেখিয়ে তারা দাওয়াত ফিরিয়ে দিচ্ছে। আমরা আর কয়বার দাওয়াত দেব।’
সজীব ওয়াজেদ জয় বলেন, ‘বিরোধীদলীয় নেত্রী গত শনিবারের মধ্যে আলোচনার জন্য আলটিমেটাম দিয়েছিলেন। তার আগেই আমার মা ও মাননীয় প্রধানমন্ত্রী সংলাপের জন্য নিজে ফোন করেছিলেন। তাঁর সঙ্গে রাতের খাবার খাওয়ার দাওয়াত দেন। যাতে এর মাধ্যমে আলোচনার একটা পরিবেশ সৃষ্টি হয়। কিন্তু বিরোধীদলীয় নেত্রী তাঁর এই অনুরোধ রাখেননি। এটা খুব দুঃখজনক।’
বিএনপির নেতা তারেক রহমানের সঙ্গে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই বা জঙ্গিদের যোগাযোগ রয়েছে বলে ভারতীয় একটি পত্রিকায় প্রকাশিত খবরের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জয় বলেন, তাঁদের এই জঙ্গি তৎপরতা আশ্চর্যের কিছু না। তাঁর সঙ্গে দাউদ ইব্রাহিমের যোগাযোগ ছিল এটা সবার জানা।
বিএনপি-জামায়াত আবার ক্ষমতায় এলে জঙ্গি তৎপরতা বৃদ্ধি পাবে বলে দাবি করে জয় বলেন, ‘তারা ক্ষমতায় এলে শুধু আওয়ামী লীগ নয়, হিন্দু, সুশীল সমাজ সবাইকে মারবে। উড়িয়ে দেবে।’ তিনি আওয়ামী লীগের ‘ভিশন-২০২১’-এর কথা উল্লেখ করে বলেন, যদি ১৫ বছর ধরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকে। বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। এই দেশ হবে পরবর্তী মালয়েশিয়া ও থাইল্যান্ড।
সজীব ওয়াজেদ জয় বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের কোনো পরিকল্পনা তাঁর নেই। তিনি নির্বাচনে দলীয় প্রচারণায় সময় দেবেন।