সংলাপের লক্ষণ দেখছেন না জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সজীব ওয়াজেদ জয়
সজীব ওয়াজেদ জয়

আশা থাকলেও সংলাপের কোনো লক্ষণ দেখছেন না আওয়ামী লীগের সভানেত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। আজ মঙ্গলবার সন্ধ্যায় দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে জয় বলেন, ‘আমাদের আশা আছে, বিরোধী দল সংলাপে আসবে। কিন্তু এর কোনো লক্ষণ দেখছি না। আমাদের তরফ থেকে দাওয়াত দেওয়া হচ্ছে। কিন্তু বিভিন্ন নানা ছুতা দেখিয়ে তারা দাওয়াত ফিরিয়ে দিচ্ছে। আমরা আর কয়বার দাওয়াত দেব।’

জয় বলেন, ‘বিরোধীদলীয় নেত্রী গত শনিবারের মধ্যে আলোচনার জন্য আলটিমেটাম দিয়েছিলেন। তার আগেই আমার মা ও মাননীয় প্রধানমন্ত্রী সংলাপের জন্য নিজে ফোন করেছিলেন। তাঁর সঙ্গে রাতের খাবার খাওয়ার দাওয়াত দেন। যাতে এর মাধ্যমে আলোচনার একটা পরিবেশ সৃষ্টি হয়। কিন্তু বিরোধীদলীয় নেত্রী তাঁর এই অনুরোধ রাখেননি। এটা খুব দুঃখজনক। প্রধানমন্ত্রী এ উদ্যোগ নেন, যেন আর হরতাল ও সন্ত্রাস না হয়।’

জয় বলেন, ‘আওয়ামী লীগ সব সময় দেশের জন্য কাজ করছে। আগামীতেও করবে। আমরা চাই সংলাপের মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছান সম্ভব। এ জন্য প্রধানমন্ত্রী সংবিধান অনুযায়ী একটি সর্বদলীয় সরকারের প্রস্তাব দিয়েছেন।’ তবে চলমান সংকট নিরসনে প্রধানমন্ত্রী উদ্যোগ নেওয়ায় তিনি নিজে আর উদ্যোগ নেবেন না।

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জঙ্গিদের যোগাযোগ-সম্পর্কিত ভারতীয় একটি পত্রিকায় প্রকাশিত সংবাদের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জয় বলেন, ‘তাঁদের এই জঙ্গি তত্পরতা আশ্চর্যের কিছু না। তাঁর সঙ্গে দাউদ ইব্রাহিমের যোগাযোগ ছিল এটা সবার জানা।’

আবারও সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু হয়ে গেছে উল্লেখ করে জয় বলেন, আইনমন্ত্রী, ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বাসায় বোমা হামলা হয়েছে। বিএনপি-জামায়াতের আগের আমলের মতো বোমা আমলা শুরু হয়ে গেছে। বিএনপি-জামায়াত আবার ক্ষমতায় এলে জঙ্গি তত্পরতা বৃদ্ধি পাবে উল্লেখ করে তিনি বলেন, তারা ক্ষমতায় এলে শুধু আওয়ামী লীগ নয়, হিন্দু, সুশীল সমাজ সবাইকে মারবে। উড়িয়ে দেবে। আওয়ামী লীগের ভিশন-২০২১ বিষয়ে জয় বলেন, যদি ১৫ বছর ধরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকে, তাহলে এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। বাংলাদেশ মধ্যম আয়ের দেশের পরিণত হবে। এই দেশ হবে পরবর্তী মালয়েশিয়া ও থাইল্যান্ড।

জয় বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমার অংশগ্রহণের কোনো পরিকল্পনা নেই। কারণ, নিজে নির্বাচনে অংশ নিলে দলীয় প্রচারণায় সময় দিতে পারব না।’

‘প্রথম আলো’র জরিপ প্রসঙ্গে জয় বলেন, ‘আমি অক্সফোর্ডে জরিপ নিয়ে পড়াশোনা করেছি। তাদের ওই জরিপ সঠিক ছিল না।’ এতে যেসব নমুনা নেওয়া হয়েছে এবং যে পদ্ধতি ব্যবহার করা হয়েছে, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। তিনি বলেন, ‘বিএনপি কী এমন ভিশন দেখিয়েছে যে তাদের জনপ্রিয়তা বাড়বে?’

‘ইউর সান ইজ ভেরি স্মার্ট’—প্রধানমন্ত্রীকে তাঁর ছেলে জয় সম্পর্কে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এমন মন্তব্য করেছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এই বিষয়ে জয়ের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, রাজনীতি নিয়ে দু-তিন মিনিট বারাক ওবামার সঙ্গে আলাপ হয়। কিন্তু তাঁর মাকে ওবামা এ কথা বলেছেন কি না এটা তাঁর জানা নেই।

এর আগে আজ সন্ধ্যা সাড়ে সাতটায় এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে যুক্তরাষ্ট্র থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান জয়। সফরকালে তিনি আওয়ামী লীগের নির্বাচনী প্রচারে অংশ নেবেন বলে জানা গেছে।