সংশোধনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল বৃহস্পতিবারের প্রথম আলোয় ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, তেজস্ক্রিয় বর্জ নিয়ে সরকার উদ্বিগ্ন’ শীর্ষক প্রতিবেদনে তেজস্ক্রিয় বর্জ্য ব্যবস্থাপনা ও সংরক্ষণ সম্পর্কে যে পদ্ধতির কথা বলা হয়েছে, তার একটি সংশোধনী দিয়েছেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক প্রধান প্রকৌশলী আবদুল মতিন।

আবদুল মতিন বলেছেন, পারমাণবিক চুল্লিতে ব্যবহারের পর তেজস্ক্রিয় জ্বালানি পানিতে রেখে ঠান্ডা করার জন্য চুল্লির কাছাকাছি স্থানে একটি ‘স্পেন্ট ফুয়েল পিট’ নির্মাণ করা হয়। সেখানে স্পেন্ট ফুয়েল ঠান্ডা হওয়ার পর সেগুলো ইস্পাতের ভারী বাক্সে ভরে পরিশোধনাগারে পাঠানো হয়। পরিশোধনাগারে তেজস্ক্রিয় বর্জ্য থেকে পুনরায় ব্যবহারযোগ্য জ্বালানি আলাদা করা হয়। এই জ্বালানি (ইউরেনিয়াম ও প্লুটোনিয়াম) পারমাণবিক চুল্লিতে পুনরায় ব্যবহার করা যায়। আর অবশিষ্ট বর্জ্য সিলিকার সঙ্গে মিশিয়ে গলিত কাচের মতো একটি পদার্থ তৈরি করা হয়। ওই পদার্থ স্টেইনলেস স্টিলের সিলিন্ডারে ভরে, তার মুখ বন্ধ করে ভারী কংক্রিটে ঘেরা নির্জন, নিরাপদ ও শুকনো জায়গায় সংরক্ষণ করতে হয়। এভাবে দীর্ঘকাল পারমাণবিক বর্জ্য সংরক্ষণের জন্য পরিত্যক্ত লবণের খনিকে সবচেয়ে উপযুক্ত বিবেচনা করা হয়। কারণ সেখানে কোনো পানি থাকে না। বাংলাদেশে এ ধরনের জায়গা পাওয়া মুশকিল হবে। তাই এখানে পারমাণবিক বর্জ্য রাখা সম্ভব নয়।