বন আইনের সংশোধনী প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছেন পরিবেশবাদী ও বননির্ভর জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা। তাঁরা বলেছেন, যেসব সংশোধনী আনা হয়েছে, সেগুলো পাস হলে বন-নির্ভর জনগোষ্ঠী বনের ওপর তাদের প্রথাগত অধিকার হারাবে। বন বিভাগ আরও স্বেচ্ছাচারী হয়ে উঠবে। তাঁদের কেউ কেউ সংশোধনীর পরিবর্তে ঔপনিবেশিক আমলের বন আইন বাতিল করে নতুন আইন প্রণয়নের দাবি করেন।
‘বন আইন ১৯২৭-এর সংশোধনী প্রস্তাব (২০১৫) এবং বনসংশ্লিষ্ট জনমানুষের অধিকার’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে গতকাল বুধবার অনুষ্ঠিত এ আলোচনার আয়োজন করে অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি), বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি-বেলা এবং পার্বত্য চট্টগ্রাম বন ও ভূমি অধিকার সংরক্ষণ আন্দোলন।
বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান সংশোধনী প্রস্তাবগুলোর ওপর প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, ১৯৫০ সালে প্রজাস্বত্ব আইনের মাধ্যমে জমিদারি প্রথা বিলুপ্ত করা হয়েছিল। কিন্তু ব্রিটিশ আমলে তৈরি বন আইনের কোনো পরিবর্তন করা হয়নি। আর এ কারণেই বন বিভাগ জমিদারি প্রথা বিলুপ্ত হলেও নব্য বন-জমিদারের ভূমিকায় থেকে যায়। বন বিভাগের এই জমিদারিকে আরও পাকাপোক্ত করবে প্রস্তাবিত বন আইন।
রিজওয়ানা হাসান বলেন, প্রস্তাবিত সংশোধনীর ৬ নম্বর প্রস্তাব অনুমোদিত হলে বনবাসীদের প্রথাগত অধিকার নিষ্পত্তি না করেই বন বিভাগ দ্রুত সংরক্ষিত বন ঘোষণার সুযোগ পাবে। সংশোধনীর ৯ ও ১১ ক্রমিকে অপরাধের শাস্তি বাড়ানো হয়েছে। এতে বন বিভাগের স্বেচ্ছাচারিতা আরও বাড়বে।
পরিবেশ ও বন মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য মো. ইয়াসিন আলী বলেন, বন বিভাগের কর্মকর্তাদের অনেকে দুর্নীতিগ্রস্ত হওয়ায় বন সাবাড় হয়ে যায়। কিন্তু একটি নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষও তো রাখতে হবে। প্রস্তাবিত সংশোধনী সংসদীয় কমিটিতে আরও যাচাইবাছাই করার প্রতিশ্রুতি দেন সাংসদ ইয়াসিন।
বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং বলেন, ঔপনিবেশিক আমলের বন আইনের সংশোধন নয়, নতুন আইন করার দরকার।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির তথ্য ও প্রচার সম্পাদক মঙ্গল কুমার চাকমা আলোচনায় আরেকটি প্রবন্ধ উপস্থাপন করেন।
বেসরকারি সংগঠন ‘নিজেরা করি’র সমন্বয়কারী খুশি কবিরের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, পার্বত্য চট্টগ্রাম বন ও ভূমি অধিকার সংরক্ষণ আন্দোলনের সভাপতি গৌতম দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য গৌতম কুমার চাকমা প্রমুখ।