সংশোধনের প্রয়োজন হতে পারে পারিবারিক সহিংসতা আইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি সমাজের পারিবারিক ও সামাজিক মূল্যবোধ ও প্রেক্ষাপট বিবেচনা করে পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) বিধিমালা, ২০১৩ সংশোধনের প্রয়োজন হতে পারে। আইনটি এখনো পার্বত্য চট্টগ্রামে পরিচিত না হওয়ায় আদালতে এ-সংক্রান্ত কোনো মামলা নেই। ‘নারীর প্রতি পারিবারিক সহিংসতা: বর্তমান পরিস্থিতি, আইন ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় বিচারক, আইনজীবী, সাংবাদিক ও নারী অধিকার কর্মীরা এ মত দেন।

গতকাল সোমবার দুপুরে রাঙামাটি শহরের আশিকা মানবিক উন্নয়নকেন্দ্র মিলনায়তনে বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন ও হিমাওয়ান্তি যৌথভাবে এ মতবিনিময় সভার আয়োজন করে।

সভার প্রধান অতিথি রাঙামাটির মুখ্য বিচারিক হাকিম মোহাম্মদ সামস উদ্দীন খালেদ বলেন, পারিবারিক একান্ত বিষয়গুলো যদি আদালত পর্যন্ত আনা হয়, তাহলে সমস্যা দেখা দিতে পারে। পার্বত্য চট্টগ্রামের প্রেক্ষাপটে পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) বিধিমালা কতটুকু প্রযোজ্য, তা দেখে সংশোধনী আনা যেতে পারে।

রাঙামাটির যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আজিজুল হক বলেন, সব আইন সৎ উদ্দেশ্য নিয়ে তৈরি হয়। কিন্তু বাস্তবায়নে অনেকে অপপ্রয়োগ করে। সে কারণে আইনে যে অস্পষ্টতা আছে, তা দূর করার জন্য সবার মতামত দরকার।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মো. শহীদুল্লাহ বলেন, পারিবারিক সহিংসতা আইনের অনেক বিষয় সুনির্দিষ্ট করা প্রয়োজন। তা না হলে অনেকে ব্যক্তিস্বার্থে তা ব্যবহার করতে পারে।

সরকারি কৌঁসুলি মো. রফিকুল ইসলাম বলেন, স্বামী-স্ত্রী, নারী-পুরুষের মধ্যে সহমর্মিতা, ভালোবাসা, শ্রদ্ধা থাকলে আইনের প্রয়োজন হয় না।

সভায় মানুষের জন্য ফাউন্ডেশনের পরিচালক (অধিকার) রীনা রায়, আইনটি নিয়ে বিভিন্ন জেলায় পর্যালোচনা সভা হয়। এ আইনটি নিয়ে পার্বত্য চট্টগ্রামে এটাই প্রথম সভা। এ সভার উদ্দেশ্য আইনের কোনো অস্পষ্টা আছে কি না, তা দেখা এবং আইনটি সম্পর্কে মানুষকে সচেতন করা।

সভায় পারিবারিক সহিংসতার ক্ষেত্রে রাঙামাটি জেলার বর্তমান পরিস্থিতি উপস্থাপন করেন হিমাওয়ান্তির হাসপাতাল পর্যবেক্ষক অনিতা দেববর্মন। আইনটির ওপর আলোকপাত করেন মানুষের জন্য ফাউন্ডেশনের জ্যেষ্ঠ কর্মসূচি ব্যবস্থাপক অর্পিতা রায়। সভায় পারিবারিক সহিংসতার শিকার দুই নারী তাঁদের নির্যাতনের কথা তুলে ধরেন।

সভায় আরও বক্তব্য দেন রাঙামাটি জেলা আইনজীবী সমিতির সভাপতি প্রতিম রায়, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার ও রাঙামাটি ভিকটিম সাপোর্ট সেন্টার পরিচালনা কমিটির সদস্যসচিব চিত্ত রঞ্জন পাল।