সংশোধিত তালিকা চেয়ে চেয়ারম্যানদের চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির সুবিধাভোগী ব্যক্তিদের সংশোধিত তালিকা চেয়ে পাঁচ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কাছে চিঠি পাঠানো হয়েছে। ১৫ ফেব্রুয়ারি উপজেলা খাদ্যনিয়ন্ত্রক তাঁদের চিঠি দেন। আগামী রোববারের মধ্যে তালিকা জমা দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত মাত্র একজন তালিকা জমা দিয়েছেন।
উপজেলা খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরের চাল বিক্রির জন্য দুস্থ ব্যক্তিদের তালিকা চেয়ে গত আগস্ট মাসে উপজেলার ছয় ইউপি চেয়ারম্যানের কাছে চিঠি পাঠানো হয়। ওই মাসেই উপজেলা খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয়ে তালিকা জমা দেন তাঁরা। এর মধ্যে উপজেলার নারায়ণপুর ইউনিয়নে ১ হাজার ৩৪১ জন, খাদেরগাঁওয়ে ৭২৫, উপাদী উত্তরে ৮৫০, উপাদী দক্ষিণে ৮০০, নায়েরগাঁও উত্তরে ৭০৫ এবং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নে ৯৩৫ জনের তালিকা জমা দেওয়া হয়।
সূত্রটি জানায়, ওই তালিকা ধরে গত সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করা হয়। মাসে প্রত্যেকের কাছে বিক্রি করা হয় ৩০ কেজি করে চাল। ওই সময় চেয়ারম্যানদের দেওয়া তালিকা নিয়ে অভিযোগ ওঠে। এসব ইউনিয়নের একাধিক সুবিধাবঞ্চিত ব্যক্তি গত নভেম্বরে গরিবদের বাদ দিয়ে ধনী, মৃত, অপ্রাপ্তবয়স্ক ব্যক্তিদের তালিকায় অন্তর্ভুক্ত করাসহ নানা অনিয়মের কথা উল্লেখ করে উপজেলা খাদ্যনিয়ন্ত্রকের কাছে লিখিত অভিযোগ করেন।
উপজেলা খাদ্যনিয়ন্ত্রক মো. মহিউদ্দিন বলেন, অভিযোগের ভিত্তিতে হতদরিদ্র ব্যক্তিদের সংশোধিত তালিকা জমা দেওয়ার জন্য গত ২৭ ডিসেম্বর মুঠোফোনে ছয় ইউনিয়নের চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়। তাঁদের মধ্যে ১৪ ফেব্রুয়ারি একজন ইউপি চেয়ারম্যান (নারায়ণপুর) সংশোধিত তালিকা দিয়েছেন। কিন্তু বাকিরা সে নির্দেশ মানেননি। এ জন্য সংশোধিত তালিকা দেওয়ার জন্য তাঁদের চিঠি দেওয়া হয়। আগামী রোববারের মধ্যে সংশোধিত তালিকা জমা দেওয়ার কথা। আগামী মার্চ ও এপ্রিল মাসে সংশোধিত তালিকা ধরে চাল বিক্রি করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহিদুল ইসলাম বলেন, বেঁধে দেওয়া সময়ের মধ্যে সংশোধিত তালিকা দিতে চেয়ারম্যানরা ব্যর্থ হলে বিকল্প ব্যবস্থায় তালিকা করা হবে।