চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের অধীন বি-১ ইউনিটের ভর্তি পরীক্ষার সংশোধিত ফলাফল গতকাল সোমবার দুপুরে প্রকাশ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ৮ নভেম্বর সকালে বি-১ ইউনিটের (বাংলা, ইংরেজি, ইতিহাস, দর্শন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ফারসি ভাষা ও সাহিত্য, আধুনিক ভাষা ইনস্টিটিউট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই দিন রাতে ফল প্রকাশ করা হয়। তখন ৭ হাজার ৬০৪ জনকে উত্তীর্ণ দেখানো হয়। এই ইউনিটে আসন রয়েছে ৬৬৬টি।
বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের ডিন ও ‘বি’ ইউনিট ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক মো. সেকান্দর চৌধুরী প্রথম আলোকে বলেন, ফলাফলের ব্যাপারে আপত্তি জানিয়ে কিছু শিক্ষার্থী ও অভিভাবক লিখিত অভিযোগ করেন। এরপর ভর্তি পরীক্ষা কমিটির সদস্যরা আলাপ করে ফলাফল পর্যালোচনা করে পুনরায় প্রকাশের সিদ্ধান্ত নেন। একজন পরীক্ষার্থীও ক্ষতিগ্রস্ত হোক, তা ভর্তি কমিটি চায়নি। সংশোধিত ফলাফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও পাওয়া যাচ্ছে।
প্রথমবার প্রকাশিত ফলের ভুল-ত্রুটির ব্যাপারে কিছু জানাতে রাজি হননি অধ্যাপক মো. সেকান্দর চৌধুরী। তবে তিনি জানান, সংশোধিত ফলাফলে প্রথমবারের চেয়ে প্রায় এক হাজারের বেশি পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।