এসএসসি পরীক্ষায় রসায়ন বিষয়ে ফেল করা ময়মনসিংহের নান্দাইল শহরের নান্দাইল পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের ১৪ জন ছাত্রী পাস করেছে। গত মঙ্গলবার ঢাকা শিক্ষা বোর্ড ওই সংশোধিত ফলাফল প্রকাশ করে।
বিদ্যালয়ের শিক্ষক ও পরীক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায়, এসএসসি পরীক্ষায় তাঁদের সন্তানেরা ফেল করতে পারে, এটা ছিল তাঁদের কাছে ধারণাতীত। এ ছাড়া এদের মধ্যে কয়েকজন একাধিক বিষয়ে জিপিএ-৫ পাওয়ায় ফেল করার বিষয়টি নিয়ে সন্দেহের সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল খালেক গত ১৭ মে পরীক্ষার্থীদের উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে আবেদন করেন। ছাত্রীরাও পৃথকভাবে মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে আবেদন করে। গত বুধবার প্রকাশিত সংশোধিত ফলাফল বিদ্যালয়ে পৌঁছার পর দেখা যায় রসায়ন বিষয়ে ফেল করা ১৪ জন পরীক্ষার্থীর (ছাত্রী) সবাই পাস করেছে।
গত ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত রসায়ন বিষয়ের পরীক্ষায় নান্দাইলের চণ্ডীপাশা উচ্চবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের ১১৮ জন পরীক্ষার্থীকে নির্ধারিত ‘ক সেটের’ বদলে ‘খ সেট’ প্রশ্নপত্র দেওয়া হয়। বিষয়টি জানাজানি হলে উদ্বিগ্ন হন অভিভাবকেরা। ঘটনাটি জানতে পেরে উত্তেজিত হয়ে পরীক্ষার্থীরা সড়ক অবরোধ করে। স্থানীয় প্রশাসন পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে যোগাযোগ করে তাদের পরামর্শমতো উত্তরপত্রগুলো বিশেষ ব্যবস্থায় সংশ্লিষ্ট বোর্ডে পাঠায়। এতে ১০৪ জন পরীক্ষার্থীর ফলাফল সঠিক এলেও উল্লেখিত ১৪ জন ওই বিষয়ে ফেল করেছে বলে উল্লেখ করা হয়।
উপজেলার উলুহাটি গ্রামের অভিভাবক নজরুল ইসলাম বলেন, ‘প্রথমবার ফল প্রকাশের সময় আমার মেয়ে (তানভিনা সুলতানা) পাস করলে ভালো একটি কলেজে ভর্তির জন্য প্রস্তুতি নিতে পারত। এ ধরনের অনিশ্চয়তার কারণে অনেকেই মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’