সংশোধিত ফলাফলে 'অদ্ভুত' ঘটনার সমাধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনালী ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার ‘অদ্ভুত’ ঘটনার সমাধান হয়েছে। গতকাল শনিবার প্রকাশিত সংশোধিত ফলাফলে রাজধানীর কাকলী উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে ৩৩৭ জন উত্তীর্ণ হয়েছেন।
গত ২২ আগস্ট সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার, অফিসার এবং অফিসার (ক্যাশ) পদের প্রাথমিক বাছাই পরীক্ষা হয়। ২৬ আগস্ট ফল প্রকাশ করা হয়। এতে সিনিয়র অফিসার পদে ৩২ হাজার ৬৮৮ জন, অফিসার পদে ২৯ হাজার ১৮৪ জন এবং অফিসার ক্যাশ পদে ১৪ হাজার ৭৫৫ জন উত্তীর্ণ হন।
কিন্তু ফল প্রকাশের পর দেখা যায়, সিনিয়র অফিসার পদে কাকলী উচ্চবিদ্যালয় কেন্দ্রে যে এক হাজার পরীক্ষা দিয়েছেন, তাদের মধ্যে মাত্র একজন উত্তীর্ণ হয়েছেন।
ফলাফল প্রকাশের পর অনুত্তীর্ণ প্রায় অর্ধশত প্রার্থী প্রথম আলোর কাছে দাবি করেন, ফলাফলে কোথাও ভুল হয়েছে। কোনোভাবেই তাঁরা অকৃতকার্য হতে পারেন না। এ নিয়ে ২৮ আগস্ট প্রথম আলোয় ‘কাকলী হাইস্কুলের সবাই ফেল’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এর পরই সোনালী ব্যাংক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখার উদ্যোগ নেয়। গতকাল বিকেলে কাকলী হাইস্কুল কেন্দ্রের সংশোধিত ফলাফল প্রকাশ করা হয়।
সোনালী ব্যাংকের এই নিয়োগ পরীক্ষা নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ। অনুষদের ডিন শিবলী রুবাইয়াতুল ইসলাম বলেন, ‘কারিগরি ত্রুটির কারণে এই রোল নম্বরগুলো বাদ পড়েছিল। সেটি সংশোধন করা হয়েছে।’
এদিকে আরও শতাধিক প্রার্থী দাবি করেছেন, তাঁদের ফলাফলেও ভুল হয়েছে। তাঁরা ফলাফল সংশোধনের দাবি জানান। এঁদের মধ্যে অর্ধশত প্রার্থী সোনালী ব্যাংকে গিয়ে ফলাফল সংশোধনের লিখিত আবেদনও জানিয়েছেন।
তবে ডিন রুবাইয়াতুল ইসলাম বলেন, ‘সোনালী ব্যাংক কর্তৃপক্ষ আমাদের কয়েকটি আবেদন পাঠিয়েছিল। আমরা যাচাই করে দেখেছি, কেউ কেউ খাতায় রোল নম্বর লেখেননি। এ ছাড়া মুঠোফোনে নকলের অভিযোগে কয়েকজনকে বাদ দেওয়া হয়েছে। আবার কয়েকজন পরীক্ষার হলে অসদুপায় অবলম্বন করায় কেন্দ্র পরিদর্শকেরা গোপনে তাঁদের রোল নম্বর নিয়েছেন। সুতরাং এখন যে ফলাফল প্রকাশ করা হয়েছে, তাতে কোনো ভুল-ত্রুটি নেই।’