সংশোধিত ফলে ১ হাজার ১৪১ জন শিক্ষার্থী উত্তীর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সংশোধিত ফলে হিন্দুধর্ম বিষয়ে ফেল করা ১ হাজার ১৪১ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ওই বিষয়ে জিপিএ-৫ পেয়েছে ৭৯ জন। এ ছাড়া গ্রেড পরিবর্তন হয়েছে ৫ হাজার ৮০৯ জনের। গ্রেড পরিবর্তনের ফলে আরও ১৫ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

গত শনিবার রাতে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ সংশোধিত ফল প্রকাশ করে বোর্ড কর্তৃপক্ষ।

হিন্দুধর্মে ফেল করেছে শুনে আত্মহত্যা করা বরিশাল উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সর্বজিৎ ঘোষ ওই বিষয়ে জিপিএ-৫ পেয়েছে। সে জিপিএ ৪ দশমিক ৬৭ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

শিক্ষা বোর্ডের পরীক্ষা বিভাগ সূত্র জানায়, এসএসসি পরীক্ষায় হিন্দুধর্ম বিষয়ের নৈর্ব্যক্তিক ‘খ’ সেট মূল্যায়নে ত্রুটি হওয়ায় ফল বিপর্যয়ে পড়েছিল এসব শিক্ষার্থী। ওই সেটের প্রশ্নে পরীক্ষা দেওয়া অনেক পরীক্ষার্থী ১১ মে ঘোষিত ফলাফলে পাস করতে পারেনি। এদের মধ্যে খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীরাও ছিল। ওই বিষয়ের প্রধান পরীক্ষক ‘খ’ সেটের যে উত্তরমালা তৈরি করে দিয়েছিলেন, তা ‘গ’ সেটের। ফলে ‘খ’ সেটে যারা পরীক্ষা দিয়েছে, তাদের উত্তরের সঙ্গে প্রধান পরীক্ষকের ভুল উত্তরমালার সমন্বয় হয়নি। প্রধান পরীক্ষকের অমনোযোগিতা ও অদক্ষতার কারণে এই ত্রুটি হয়েছে। ওই ভুল সংশোধনের জন্য ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গে নতুন পরীক্ষক নিয়োগ দিয়ে নতুন উত্তরমালা তৈরি করে হিন্দুধর্মের সব পরীক্ষার্থীর (১০ হাজার ৪৯২) নৈর্ব্যক্তিক (সব সেট) পুনরায় যাচাই করা হয়। ওই যাচাইয়ে হিন্দুধর্ম বিষয়ে ফেল করা ১ হাজার ১৪১ জন শিক্ষার্থী পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭৯ জন। এ ছাড়া পুনঃপরীক্ষণে গ্রেড পরিবর্তন হয়েছে ৫ হাজার ৮০৯ জনের। সেখানেও অতিরিক্ত ১৫ জন জিপিএ-৫ পেয়েছে। ফলাফলে পাসের হার দাঁড়িয়েছে ৮০ দশমিক ৮০। ঘোষিত ফলাফলে যা ছিল ৭৯ দশমিক ৪১ শতাংশ।

বোর্ডের এক কর্মকর্তা জানান, নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর সেট কোনো কেন্দ্রে পাঠানো হয় না। নৈর্ব্যক্তিকের সব সেটের প্রশ্নের উত্তর বোর্ডে থাকে এবং কম্পিউটার বিভাগ সেগুলো যাচাই করে। তাই এখানে শুধু প্রধান পরীক্ষক নন, কম্পিউটার বিভাগও দায়ী।

এ বিষয়ে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ শাহ আলমগীর প্রথম আলোকে বলেন, ‘নৈর্ব্যক্তিকের উত্তর কেন্দ্রে যায় না, সেটা ঠিক। কিন্তু ওই বিষয়ের প্রধান পরীক্ষক সব কটি সেটের উত্তর তৈরি করে দেন। সেটার ভিত্তিতেই ফলাফল হয়। যেভাবেই হোক, আমরা দায় এড়াতে পারি না। এ ব্যাপারে ব্যবস্থা নিতে বোর্ডের সচিবকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। দ্রুত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক বলেন, যাদের কারণে এই ঘটনা ঘটেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।